২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার দায়ে গিলানির প্রতীকী শাস্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে দেশটির সর্বোচ্চ আদালত। তবে এজন্য প্রতীকী দণ্ড দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে দেশটির সর্বোচ্চ আদালত। তবে এজন্য প্রতীকী দণ্ড দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে তাকে। কোনো কারাদণ্ড ছাড়াই আদালত কক্ষে গিলানিকে কয়েক মিনিটের জন্য আটক রাখার সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি বেঞ্চ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো পুনরায় চালু না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠে। তবে এ ব্যাপারে গিলানি বলেন, রাষ্ট্রের প্রধান হিসেবে ক্ষমা পাওয়ার অধিকার রাখেন প্রেসিডেন্ট জারদারি। সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ঘুষের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে জারদারির বিরুদ্ধে। তবে দুর্নীতির এসব অভিযোগ আগে থেকেই অস্বীকার করে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন জারদারি। ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার আগে সমর্থক ও গণমাধ্যমের প্রতিনিধিদের ভিড়ের মধ্যে দিয়ে আদালতে আসেন গিলানি। সমর্থকদের অনেকে তার ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেয়। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আদালত ত্যাগ করেন গিলানি। পাকিস্তানে এই প্রথম দায়িত্বে থাকা কোনো প্রধানমন্ত্রীর আদালত থেকে সাজা পাওয়ার ঘটনা ঘটলো। এর আগে গিলানির আইনজীবীরা জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন গিলানি। ২০০৭ সালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সাধারণ ক্ষমা বিষয়ক একটি আইনের আওতায় কয়েক হাজার দুর্নীতির মামলা খারিজ করে দেন। ২০০৯ সালে এ আইনটি অবৈধ বলে ঘোষণা করে দেশটির সুপ্রিমকোর্ট। জারদারির বিরুদ্ধে মামলাগুলো আবারো চালু করার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসইউ/১৩৪৬ ঘ.