জাতিসংঘ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে ৩শ’ নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক মোতায়েনের অনুমতি দিয়ে শনিবার সর্বসম্মত একটি প্রস্তাবনা পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
রাশিয়া-ইউরোপের এ খসড়া প্রস্তাবনার আওতায় সিরিয়ার নাজুক যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য তিনমাস দেশটিতে অবস্থান করবে জাতিসংঘ পর্যবেক্ষকরা।
প্রস্তাবনায় বলা হয়, জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুসারে অস্ত্রবিরতির কার্যকারিতা যাচাই করা এবং সহিংসতা বন্ধ হয়েছে কিনা তা দেখাই হবে পর্যবেক্ষণ মিশনের কাজ।
সিরিয়া সরকার ও বিরোধী পক্ষের সহিংসতা বন্ধের নমুণা অসম্পূর্ণ এবং তারা শান্তি পরিকল্পনা শর্ত পূরণ না করলে নিরাপত্তা পরিষদ পরবর্তীতে আরো কি পদক্ষেপ নেওয়া যায় তা ভেবে দেখবে বলেও এতে সতর্ক করে দেয়া হয়েছে।
এছাড়া, আগের প্রস্তাবনার মতো এবারও সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষগুলোকে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদে প্রস্তাবনাটি পাশ হওয়ার কয়েক ঘণ্টা আগে সহিংস শহর হমস পরিদর্শন করেন সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘ পর্যবেক্ষক দল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী পক্ষের এক কর্মী জানান, হোমসে জাতিসংঘ পর্যবেক্ষকরা আসার কয়েক সপ্তাহের মধ্যে প্রথম বার গোলাগুলি বন্ধ হয়।
গত সপ্তাহে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০ সদস্যের অগ্রবর্তী একটি দল পাঠানোর অনুমতি দেয় নিরাপত্তা পরিষদ।
ওদিকে, শনিবার নিরাপত্তা পরিষদে সিরিয়ায় পর্যবেক্ষক বাড়ানো নিয়ে ভোটাভুটির পরও এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনীহার কথা জানিয়েছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস।
রাইস আরো জানান, তিনমাস মেয়াদ শেষে পর্যবেক্ষণ মিশন বাড়ানোর বিষয়টি যুক্তরাষ্ট্র আর সমর্থন জানাবে না। এর মধ্যে সিরিয়া সরকার জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেবে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫১ঘ.
bdnews24