২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্র-ফিলিপাইন মহড়া সমুদ্রযুদ্ধের ইন্ধন যোগাবে’

যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধের ইন্ধন যোগাবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীনের শীর্ষ সামরিক সংবাদপত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

বেইজিং, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধের ইন্ধন যোগাবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীনের শীর্ষ সামরিক সংবাদপত্র। চীনের পিপলস লিবারেশন আর্মির দৈনিকে শনিবার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ওই সতর্কতা জানানো হয়। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় আটজন চীনা জেলেকে ফিলিপাইনি কর্তৃপক্ষ আটক করলে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিতর্কিত ওই জায়গাটিকে নিজেদের এলাকা বলে দাবি করে উভয় দেশ। দাবি প্রতিষ্ঠায় ওই এলাকায় জাহাজও পাঠায় দুটি দেশই। এই পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে বিতর্কিত ওই জলসীমার কাছাকাছি বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। মহড়ার একটি অংশ সোমবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত একটি এলাকায় অনুষ্ঠিত হবে। মহড়ার এই পর্বটি নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে চীনা সামরিক বাহিনীর ওই দৈনিকে। তবে চীন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। “খোলা চোখে তাকালে যে কেউ এটা দেখতে পাবে, অনেক আগে থেকেই এ ধরনের মহড়ার পেছনে সামরিক উদ্দেশ্য লুকানো থাকে। ওই মানসিকতার কারণে এ মহড়াও দক্ষিণ চীন সাগরে যুদ্ধের উস্কানি তৈরি করতে পারে,” চীনের পিপলস লিবারেশন আর্মির মুখপত্র দৈনিকটির মন্তব্য প্রতিবেদনে বলা হয়। “এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র পুরো দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে, এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘিœত হবে।” দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশ নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইন, ভিয়েতনাম, ব্র“নেই, মালয়েশিয়া ও তাইওয়ানের বিরোধ আছে। দক্ষিণ চীন সাগরে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল সঞ্চয় আছে বলে ধারণা করা হয়। সাগরটি অত্যন্ত ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্য পথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৮১৮ ঘ.