২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে দুর্লভ প্রজাপতির সংখ্যা বেড়েছে

যুক্তরাজ্যে বসন্তকালীন রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে দুর্লভ প্রজাতির বেশ কিছু প্রজাপতির সংখ্যা বেড়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

লন্ডন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে বসন্তকালীন রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে দুর্লভ প্রজাতির বেশ কিছু প্রজাপতির সংখ্যা বেড়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে। আবহাওয়া ওই প্রজাপতিগুলোর জন্য ‘উপযুক্ত পরিস্থিতি’ সৃষ্টি করেছে বলেও এতে বলা হয়। যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি এবং বাটারফ্লাই কনজারভেশন পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাজ্যের ১ হাজারেরও বেশি প্রজাপতির আবাসস্থল মূল্যায়নের ওপর ভিত্তি করে এ গবেষণা করা হয়েছে। এতে দেখা যায়, ‘ডিউক অব বারগেন্ডি’ প্রজাতির প্রজাপতির সংখ্যা বেশি বেড়েছে। গত ৩০ বছরে এ প্রজাতির প্রজাপতির সংখ্যা কমার হার ছিলো ৪০ শতাংশেরও বেশি। অথচ ২০১০-২০১১ সালে এ প্রবণতা কমে গিয়ে উল্টো বেড়েছে ৬৫ শতাংশ। সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি’র মার্ক বোথাম বিবিসিকে বলেন, “গত বছর আবহাওয়ার কারণে স্বল্প মেয়াদে এ প্রজাতির সংখ্যা বাড়লেও দীর্ঘমেয়াদে এখনও অনেক প্রজাতির সংখ্যা কমছেই। “ভালো পরিবেশ তৈরি করাটা গুরুত্বপূর্ণ যাতে করে ভালো আবহাওয়ায় আবাসস্থলও এ প্রজাতিগুলোর জন্য উপকারী হয়ে ওঠে।” বাটারফ্লাই কনজারভেশনের হেড অব মনিটরিং ড. টম ব্রেরেটন বলেন, “পুরোনো ধারার নিসর্গের ওপর প্রজাপতিগুলো নির্ভর করে। আর যুক্তরাজ্যে এ ধরনের পরিবেশ কমে যাচ্ছে। “ব্রিটেনে ৫৮ প্রজাতির প্রজাপতি রয়েছে যার প্রায় ৩০টিকেই আধা প্রাকৃতিক আবাসস্থলে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। পুরোনো বনভূমি, জলাধার হলো এসব প্রাণীর আবাসস্থল যেখানে কৃষিকাজ বা উন্নয়ন ঘটেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২১ ঘ.