সিরিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শ’শ’ পর্যবেক্ষককে যুদ্ধবিরতি তদারক করতে দেওয়ার শর্তাবলী নিয়ে বৃহস্পতিবার প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে দামেস্ক-জাতিসংঘ।
জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের মুখপাত্র বলেছেন, পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম এবং সিরিয়া সরকারের দায়দায়িত্বের বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে।
জাতিসংঘ পর্যবেক্ষকদের অগ্রবর্তী একটি দল ইতোমধ্যেই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে সিরিয়ায় গেলেও দেশটিতে চলমান সহিংসতাবিক্ষুব্ধ পরিস্থিতিতে সেখানে আরো বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠানো নিয়ে দেনদরবার চলছে।
সিরিয়ায় বড় ধরনের এ পর্যবেক্ষক দল পাঠাতে হলে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মতবিভেদ ভুলে এ ব্যাপারে একমত হতে হবে। নিরাপত্তা পরিষদে নিরিয়া নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধ রয়েছে চীন ও রাশিয়ার।
পশ্চিমা দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ চায়। কিন্তু চীন ও রাশিয়া এর বিরোধিতা করছে।
কূটনীতিকরা বলছেন, সিরিয়ায় পর্যবেক্ষক বাড়ানো হবে কিনা তা নির্ধারিত হবে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বানের প্রতিবেদন এবং জাতিসংঘ আরব লিগ প্রতিনিধি কফি আনানের ডেপুটি জ্যাঁ মরি গুচ্চেনোর ব্রিফিংয়ের ভিত্তিতে।
এরই মধ্যে এ ব্যাপারে সিরিয়া-জাতিসংঘ চুক্তির খবর জানালেন দুপক্ষের কর্মকর্তারা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখেই পর্যবেক্ষকদের কাজ সহজ করে দেওয়া প্রাথমিক এ চুক্তির লক্ষ্য।”
তবে নিরাপত্তা পরিষদের মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা বলছেন, সিরিয়া যুদ্ধবিরতি ঠিকমতো মেনে না চলার কারণে সেখানে বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবে সায় দেওয়া কঠিন বলেই মনে করছেন তারা।
চীন ও রাশিয়া বলছে, তারা আসাদ সরকারের অনুমতি সম্বলিত জাতিসংঘ সনদের আওতায়ই কেবল এ পর্যবেক্ষণ মিশন মানবে।
সিরিয়া বর্তমানে নামমাত্র যুদ্ধবিরতি বহাল রয়েছে। সহিংসতার খবর আসছে প্রতিনিয়তই। পরিস্থিতির আরো অবনতি হতে থাকলে সেখানে নিরস্ত্র পর্যবেক্ষদের পাঠাতে নাও চাইতে পারে নিরাপত্তা পরিষদ।
তাছাড়া, সিরিয়াও চুক্তির শর্ত মেনে পর্যবেক্ষকদেরকে কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে দেবে তাও পরিস্কার না।
আর তাই এ ব্যাপারে নিরাপত্তা পরিষদে শিগগিরিই কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন সংবাদদাতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪২ঘ.
bdnews24