২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় একমত ক্যামেরন-সু চি

মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

মিয়ানমার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মিয়ানমার সফররত ক্যামেরন শুক্রবার ইয়াঙ্গনে সু চির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।” তবে তিনি বলেন, “সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নেওয়া হবে না। কারণ, সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য বেসামরিক সরকারের ওপর চাপ বহাল রাখতে হবে।” মিয়ানমারে নিষেধাজ্ঞা কার্যকরের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার ছিল ব্রিটেন আর সেই সঙ্গে সু চিও। “কিন্তু এখন নিষেধাজ্ঞা স্থগিত করার উপযুক্ত সময়,” বলেন ক্যামেরন। তবে তিনি বলেন, “নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিয়ে বরং স্থগিত রাখতে হবে। কারণ, এতে করে তাদেরকে সঠিক পথে রাখা সম্ভব হবে।” মিয়ানমারে ইইউ নিষেধাজ্ঞার বিষয়টির বার্ষিক পর্যালোচনার জন্য ব্রাসেলসে বৈঠকের ১০ দিন আগে ক্যামেরন এ মন্তব্য করলেন। ক্যামেরন বলেন, মিয়ানমারের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা ছাড়া অন্য সব ইইউ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তাগাদা দিয়ে যাবেন তিনি। শুক্রবার ১০ সদস্যের একটি দল নিয়ে মিয়ানমারের রাজধানী নিপিধোতে পৌঁছেন ক্যামেরন। ৬০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মিয়ানমার সফর করছেন তিনি। ইতোমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেনের সঙ্গে বৈঠকও করেছেন। দীর্ঘদিনের সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট মিয়ানমারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। মিয়ানমার সংস্কারের পথে এগোতে থাকলে এবং ইইউ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে গণতন্ত্রের গঠন, সন্ত্রাস মোকাবিলা, শান্তি ও সমঝোতার মতো বিভিন্ন বিষয়ে দেশটিকে সহায়তা দিতে যুক্তরাজ্যের প্রস্তুত থাকবে বলে ক্যামেরন বৈঠকে প্রেসিডেন্ট থিয়েন সেনকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এলকিউ/২০৩৫ ঘ.