২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন স্যান্টোরাম

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান সিনেটর মিট রমনির প্রার্থিতা কার্যত নিশ্চিত হয়ে গেল, যাকে লড়তে হবে বারাক ওবামার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 04:23 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

পেনসিলভানিয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌঁড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম। এর মধ্য দিয়ে আগামী ৬ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান সিনেটর মিট রমনির প্রার্থিতা কার্যত নিশ্চিত হয়ে গেল। নির্বাচনে তাকে লড়তে হবে ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। মনোনয়ন পাওয়ার দৌঁড়ে স্যান্টোরামের ইস্যু ছিল জন্ম নিয়ন্ত্রণ এবং খ্রিস্টীয় সমাজ ব্যবস্থার মূল্যবোধগুলো ফিরিয়ে আনা। দেশে অর্থনীতির দিকে আরো বেশি মনোযোগ দেওয়ার কথাও বলে আসছিলেন তিনি। এই প্রচারের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী এবং রিপাবলিকান দলের ডানপন্থী সমর্থকদের মনোযোগ পেতে শুরু করেছিলেন স্যান্টোরাম। গত জানুয়ারিতে আইওয়া অঙ্গরাজ্যে মিট রমনির বিপক্ষে জয়ও পেয়েছিলেন। তবে পরের দিকের মনোনায়ন ভোটে বেশ খানিকটা পিছিয়ে পড়েন। মঙ্গলবার পেনসিলভানিয়ার গেটিসবার্গে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে স্ত্রী ক্যারেন ও মেয়েকে পাশে নিয়ে হতাশ স্যান্টোরাম ঘোষণা দেন, তিনি আর মনোনায়ন দৌঁড়ে থাকছেন না। “আমাদের বার বার বলা হয়েছে- ‘নির্বাচনের কথা ভুলে যাও, তুমি জিততে পারবে না’। আমরা জিতে চলেছি ঠিকই, তবে একটু অন্যভাবে। আমরা মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, তাদের সেই সব দাবি তুলে ধরতে পেরেছি- যেগুলো অন্য অনেকেই বলতে চাইবে না।” পরিবারের সঙ্গে আলোচনা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান স্যান্টোরাম। “আমি আজ থেকে সব প্রচারণার ইতি টানছি। তবে তার মানে এই নয় যে আমার লড়াই শেষ হয়ে যাচ্ছে। আমাদের লড়াই চলবে সেইসব আমেরিকানের পক্ষে- যারা আমাদের পক্ষে দাঁড়িয়েছিল”, বলেন এই সাবেক সিনেটর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০১৫ ঘ.