এডেন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর লদারের কাছে আল কায়েদা সম্পৃক্ত একটি গোষ্ঠীর সাথে সেনা বাহিনীর লড়াইয়ে অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
দেশটির আবিয়ান প্রদেশের একটি সেনা শিবিরে সোমবার আনসার আল শাহরিয়া গোষ্ঠীর জঙ্গিরা হামলা চালায়। সেনা বাহিনীও পাল্টা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
সেনা শিবিরটি সমুদ্র উপকূলীয় এডেন শহর থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত।
সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে দেশটিতে অচলাবস্থা চলাকালে আনসার আল শাহরিয়া আবিয়ান প্রদেশের উল্লেখযোগ্য অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল।
একটি চুক্তির আওতায় সালেহ তার ডেপুটি আবদ রাব্বু মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের সঙ্গে লড়াই ও সহিংসতা নতুন প্রেসিডেন্ট মানসুর হাদির জন্যে বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা আল কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন তিনি।
ক্ষমতা গ্রহণের দিনই আল কায়েদার সঙ্গে লড়াইয়ে শতাধিক ইয়েমেনি সেনা নিহত হয়েছেন।
সোমবারের লড়াইয়ে ১৮ সেনাবাহিনীর হাতে ১৮ জঙ্গি নিহত হয়। এরপর জঙ্গিদের দখল করা একটি সেনা তল্লাশি চৌকিতে বিমান হামলা চালানো হলে আরো ৫ জঙ্গি নিহত হয়।
এ ছাড়াও লড়াইয়ে ৯ সেনা ও তাদের হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিভিন্ন গোত্রের ৬ জন নিহত হন।
ইয়েমেনি এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেনা শিবিরের আশপাশের এলাকা থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
তবে, এক ইমেইল বার্তায় জঙ্গিরা জানিয়েছে, এই লড়াইয়ে তাদের কেউ মারা যায় নি। পাশাপাশি লদার শহরেও তারা হামলার হুমকি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৩ ঘ.
bdnews24