ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভ্যুত্থানের উদ্দেশ্য নিয়ে ভারতীয় সেনাবাহিনীর দুটি ইউনিটের রাজধানী অভিমুখে যাত্রা শীর্ষক প্রতিবেদন বহাল রাখছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারত সরকার ওই খবরকে ‘ভিত্তিহীন’ বললেও পত্রিকাটি দাবি করেছে, প্রায় ৬ সপ্তাহের অনুসন্ধান শেষে প্রধান সম্পাদক শেখর গুপ্তের নেতৃত্বে একটি দল প্রতিবেদনটি তৈরি এবং প্রকাশ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সেনাবাহিনীর দুটি ইউনিট সরকারকে না জানিয়েই গত জানুয়ারি মাসে রাজধানী অভিমুখে যাত্রা করে। ১৬ জানুয়ারির ‘অপ্রত্যাশিত’ ওই ঘটনায় সরকারের মধ্যে দ্বিধার সৃষ্টি হয়, বিদ্রোহের আশঙ্কা ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলা দ্বন্দ্বের মধ্যেই বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত সরকার ও সেনাবাহিনীতে তোলপাড় শুরু হয়। দুই পক্ষই বিষয়টিকে সেনাবাহিনীর নিয়মিত মহড়া ও কর্মকাণ্ডের অংশ দাবি করে ‘অভ্যুত্থান’ চেষ্টার খবর ভিত্তিহীন বলে দাবি করে।
কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিজেদের প্রতিবেদনের পক্ষে শক্ত অবস্থান নেয় বলে হিন্দুস্থান টাইমস জানিয়েছে।
বিবৃতিতে পত্রিকাটি বলে, “প্রকাশিত প্রতিবেদন বহাল রাখছে। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য সাহসী সাংবাদিকতা ও পাঠকের জানার অধিকার রক্ষার অঙ্গীকার। জানুয়ারি ১৬-১৭ তারিখের ঘটনা এবং এ বিষয়ে যেসব প্রশ্ন দেখা দিয়েছে তা নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।”
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জন্ম তারিখ নিয়ে সরকারের সঙ্গে চলমান বিবাদের মধ্যে সেনাপ্রধান জেনারেল ভি কে সিং সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করার পর সে রাতেই এ ঘটনা ঘটে। হরিয়ানা প্রদেশের হিসার ও উত্তর প্রদেশের আগ্রা থেকে দুটি সামরিক ইউনিটের রাজধানী অভিমুখী হওয়ার কথা গোয়েন্দা সংস্থারাও জানায়।
এতে আরো বলা হয়, পরদিন ১৭ জানুয়ারি প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে ঘটনাটি জানানো হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পরদিন সকালে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় এবং মালয়েশিয়া সফর থেকে প্রতিরক্ষা সচিব শশী কান্তশর্মাকে ডেকে পাঠানো হয়।
এছাড়া ইউনিট দু’টির গতিরোধ করতে দিল্লিগামী সব যানবাহনে তল্লাশি চালাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় বলেও এতে জানানো হয়েছে।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সেনাবাহিনী জানায়, কুয়াশার মধ্যে নিজেদের তৎপরতার পরীক্ষা করতে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে ইউনিট দু’টি এই কাজ করেছে। আর এর জন্য সরকারকে আগে থেকে জানানোর প্রয়োজন হয় না বলেও জানায় তারা।
প্রধানমন্ত্রীর মুখপাত্র পঙ্কজ পাচোরি বলেন, “সেনাবাহিনী এ ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এসব কথা ভিত্তিহীন।”
এ ঘটনাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি বলেন, “এটা ছিলো নিয়মিত কর্মকাণ্ডের অংশ। ভারতীয় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমের বিষয়ে পূর্ণ আস্থা রয়েছে আমাদের। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সেনাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবেন না। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও উপরকূল রক্ষীবাহিনীর বিষয়ে গর্ববোধ করি আমি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৫ ঘ.
bdnews24