ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম) - অং সান সু চি, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার মতোই, নির্যাতনের মুখে শান্তিপূর্ণ প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছেন।
সামরিক জান্তা শাসিত মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর আন্দোলনের কারণে ৬৬ বছর বয়সী এ নারীকে গত দুই দশকের বেশির ভাগ সময় কোন না কোন ভাবে বন্দী জীবন কাটাতে হয়েছে।
১৯৯০ সালের নির্বাচনে সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-এর অভাবনীয় বিজয় অর্জনের পরও সামরিক জান্তা তা বাতিল করার একবছর পর ১৯৯১ সালে সু চিকে নোবেল পুরষ্কার দেয়া হয়।
ওই সময়ই তাকে ‘ক্ষমতাহীনের ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত’ আখ্যা দেন নোবেল কমিটির চেয়ারম্যান ফ্রান্সিস সেজেস্তেদ।
দুই দশকের মধ্যে ২০১০ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত মিয়ানমারের নির্বাচনে সু চি অংশ নিতে পারেননি। কিন্তু নির্বাচনের ছয় দিন পর তাকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেয়া হয়।
এ বছর ১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবার পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন এই যুক্তি দেখিয়ে যে, তার সমর্থকরা এটাই চেয়েছিলেন।
রাজনৈতিক উত্তরাধিকার
সু চি মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সান-এর কন্যা। স্বাধীনতার ছয় মাস আগে ১৯৪৭ সালের ক্রান্তিকলীন সময়ে আততায়ীর হাতে নিহত হন অং সান। সু চির বয়স তখন মাত্র দু বছর।
দিল্লিতে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত তার মা দ্য খিন কাই-এর সঙ্গে ১৯৬০ সালে তিনি দিল্লি চলে যান।
চার বছর পর তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। এসময় হবু বর শিক্ষাবিদ মাইকেল আরিসের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
জাপান ও ভুটানে কিছু সময় পার করে তাদের দুই সন্তান- আলেকজান্ডার ও কীনের লালন পালনের জন্য
যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে বসবাস করেন সু চি।
কিন্তু মিয়ানমার তার চিন্তা থেকে অনেক দূরে ছিল।
১৯৮৮ সালে তিনি যখন গুরুতর অসুস্থ মাকে দেখতে রেঙ্গুনে ফিরে যান সেসময় বার্মা বড় ধরনের রাজনৈতিক উত্থানের ভেতর দিয়ে যাচ্ছিল।
সেসময় হাজার হাজার ছাত্র, কর্মচারী এবং বৌদ্ধ ভিক্ষু গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে। এ বছর ২৬ আগস্ট রেঙ্গুনে দেয়া এক ভাষণে তিনি বলেন, “আমি আমার বাবার কন্যা হিসেবে এখানে যা চলছে তা থেকে দূরে সরে থাকতে পারি না।
এরপরই তিনি তৎকালীন সামরিক শাসক জেনারেল নে উইনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিতে মাঠে নামেন।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং ও ভারতের মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ সংস্কার ও অবাধ নির্বাচনের দাবিতে তিনি সমাবেশ সংগঠিত করেন এবং দেশব্যাপী সফর করেন।
কিন্তু ১৯৮৮ সালের ১৮ সেপ্টেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী ওই সমস্ত বিক্ষোভ বর্বরভাবে দমন করে।
সামরিক সরকার ১৯৯০ সালের মে মাসে জাতীয় নির্বাচন আহ্বান করেন। সু চি গৃহবন্দী অবস্থায় থাকা এবং নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হওয়ার পরও তার দল এনএলডি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে।
কিন্তু সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এবং আজ পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।
গৃহবন্দী
১৯৯৫ সালের জুলাই মাসে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সু চি রেঙ্গুনে ছয় বছরের জন্য গৃহবন্দী ছিলেন। ২০০০ সালের সেপ্টেম্বরে তাকে আবারো গৃহবন্দী করে রাখা হয়।
২০০২ সালের মে মাসে নিঃশর্ত মুক্তি পেলেও মাত্র একবছরের মাথায় তার সমর্থক ও সরকার সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের জের ধরে তাকে আবারো কারাগারে যেতে হয়। পরে তিনি ঘরে ফিরে এলেও কড়া গৃহবন্দীত্বে ছিলেন।
বন্দী অবস্থায় সু চি পড়াশোনা ও শরীর চর্চা করে সময় কাটান। যোগ ব্যায়াম করেন, ফরাসি ও জাপানি ভাষায় তার দক্ষতা বৃদ্ধিতে সময় দেন এবং পিয়ানো ও বাখ বাজিয়ে স্বস্তি পেতেন।
সে সময় তিনি তার দলের কয়েকজন কর্মকর্তা ও বাছাই করা কয়েকজন কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন।
কিন্তু বন্দী জীবনের প্রথম বছরগুলোতে তাকে তার দুই ছেলে এবং স্বামীর সঙ্গেও সাক্ষাৎ করতে দেয়া হয়নি। ১৯৯৯ সালে তার স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।
স্বামী গুরুতর অসুস্থ্য থাকা অবস্থায় সামরিক কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দিলেও পরে দেশে ফেরার অনুমতি না পাওয়ার ভয়ে তিনি দেশ ছাড়েননি।
তার সর্বশেষ গৃহবন্দীত্বের মেয়াদ শেষ হয় ২০১০ সালের নভেম্বর মাসে। এক দশকের মধ্যে প্রথমবার তার ছেলে কিম আরিস মার সাথে সাক্ষাতের অনুমতি পায়।
কিছু আপত্তি স্বত্তেও ২০১২ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি ও তার দল অংশগ্রহণ করে।
নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেউ কেউ পরিস্থিতি সম্পর্কে অনেক আশাবাদী। আমরাও আশাবাদী, তবে সতর্ক। আমরা একটি পথের শুরুতে আছি।
তিনি আরো বলেন, “এখানে অনেকেই বলতে শুরু করেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আর ফিরিয়ে আনা যাবে না। বিষয়টি এমন নয়।”
বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/এইচএ/এলকিউ/২০৪০
bdnews24