ইয়ালা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে কয়েক দফা বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৭০ জন আহত হয়েছে।
এ হামলার জন্য ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হচ্ছে।
পুলিশ ও কর্মকর্তারা জানায়, দক্ষিণের ইয়ালা শহরের বাণিজ্যিক এলাকায় মধ্যহ্নভোজের সময় তিনটি বোমা বিস্ফোরণ হয়। এ বোমাগুলো একটি গাড়ি ও একটি মোটর সাইকেলে বাঁধা ছিল বলে ধারণা করা হচ্ছে।
ইয়ালা প্রদেশের গভর্নর থাই টেলিভিশনে জানান, অনেকেই তৃতীয় বিস্ফোরণে আহত হয়েছে। বোমাটি গাড়ির ভেতর লুকানো ছিল। প্রথম ও দ্বিতীয় বিস্ফোরণের পর যারা ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন তারা এ তৃতীয় বিস্ফোরণে হতাহত হন।
সংখা প্রদেশের হাট আই জেলার একটি হোটেলেও বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে চ্যানেল থ্রি নামের একটি স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়।
এছাড়া পাত্তানি প্রদেশের একটি খাবারের দোকানেও একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ জানায়।
থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াটে কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৫ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৯০৬ ঘ.
bdnews24