কাবুল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পারিবারিক নির্যাতন ও বিভিন্ন নিপীড়ন থেকে পালালে আফগান নারীদের কারাগারে যেতে হয়। আর নির্যাতনকারীরা নিরাপদে বাইরে ঘুরে বেড়ায়।
মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ জানায়, পারিবারিক নির্যাতন ও বাধ্যতামূলক পতিতাবৃত্তি বা স্বামীর শারীরিক নির্যাতন থেকে পালানো আফগান নারীদের জায়গা হয় কারাগারে।
নির্যাতন থেকে পালালে আফগানিস্তানে বিষয়টিকে ‘নৈতিক অপরাধ’ হিসেবে দেখা হয়। এমনকি ধর্ষণের শিকার নারীদেরও কারাবন্দি করা হয়। কোনো নারীকে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কে বা এমন কোনো সম্পর্কে জড়াতে বাধ্য করা হলে তাকে পরকীয়া বা নৈতিক স্খলন বলে মনে করা হয়।
হিউমান রাইটস ওয়াচ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানায়।
প্রতিবেদনে ১৭ বছর বয়সী আফগান নারী আমিনা বলেন, “যখন থেকে এ জায়গায় এসেছি আমার কপাল পুড়েছে।”
আফগান এ নারীকে বাধ্যতামূলকভাবে পতিতাবৃত্তিতে আনার পর বেশ কয়েকমাস ধরে নিতি জেলে রয়েছেন।
প্রায় এক দশক আগে আফগানিস্তানে তালেবান শাসনের পতন হয়। এরপর দেশটিতে নারী অধিকার ও মুক্তি বিষয়ে কিছু উন্নতি হলেও এখনও সেখানে অপহরণ, ধর্ষণ, জোর করে বিয়ে দেয়া ও নারীদের পণ্যের মতো বিকিকিনির ঝুঁকি রয়ে গেছে।
এমন কী সামাজিক রীতি রেওয়াজের চাপ ও আইনি ঝুঁকির কারণে আফগান নারীরা পারিবারিক সহিংসতা থেকে পালাতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১০ ঘ.
bdnews24