সিউল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক নিয়ে পাকিস্তান পার্লামেন্টের পর্যালোচনা ভারসাম্যপূর্ণ হবে এবং এতে ওয়াশিংটনের নিরাপত্তা চাহিদাকে গুরুত্ব দেখানো হবে এমনটিই আশা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পরমাণু নিরাপত্তা সম্মেলনে এক পার্শ্ব বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে একথা বলেন ওবামা।
গত বছর পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
এ বৈঠকে দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের কথা স্বীকার করেছেন ওবামা। এছাড়া দু’নেতাই পাকিস্তান ও আফগানিস্তানের স্থিতিশীলতায় তাদের যৌথ স্বার্থের কথাও বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রী সম্পর্ক কিভাবে চালানো হবে সে বিষয়টি পর্যালোচনা করে দেখছে পাকিস্তানের পার্লামেন্ট।
বৈঠকে ওবামা বলেন, “এই মৈত্রী সম্পর্ক নিয়ে পাকিস্তানের পার্লামেন্টের পর্যালোচনার বিষয়টিকে আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় সম্পর্ককে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ।”
গত মছর ২ মে পাকিস্তানে চালানো যুক্তরাষ্ট্রের লাদেন বধ অভিযান ও নভেম্বরে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের আন্তঃসীমান্ত হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার দু দেদেশর সম্পর্কে চরম উদ্বেগ দেয়া দেয়। এ হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে পাকিস্তান।
বিষয়টির দিকে ইঙ্গিত করে ওবামা বলেন, “সম্পর্কের টানাপোড়েন নিয়ে অনেকটা সময় কেটে গেছে। আমার মনে হয় এখন আমাদের খোলামেলা আলোচনা করার সময় হয়েছে।”
ওবামা আরো বলেন, “ পার্লামেন্টের পর্যালোচনায় পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে শ্রদ্ধা জানিয়ে ভারসাম্য রক্ষা করা হবে বলেই আশা করছি। সেইসঙ্গে অতীতে আমাদের ওপর যারা হামলা চালিয়েছে সেইসব সন্ত্রাসীদের সঙ্গে আমাদের লড়াইয়ের প্রয়োজনীয়তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে বলেও আমি আশা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৩ঘ.
bdnews24