বৈরুত, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সোমবার দূতাবাস বন্ধ করেছে তুরস্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরো একঘরে করতেই তুরস্কের এ পদক্ষেপ।
আন্তর্জাতিক চাপ বাড়তে থাকার পরও সহিংসতা চলছে সিরিয়ায়। হোমসে আবারো গোলাবর্ষণ করেছে আসাদের নিরাপত্তা বাহিনী।
হোমস শহরের অন্তত দুটি জায়গা থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। “প্রতিদিন হোমসে গোলা হামলা চালিয়ে শহরটিকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে আসাদ প্রশাসন”, বলেন হোমসের এক বিরোধী আন্দোলনকর্মী।
শান্তি ফেরানোর চেষ্টায় আরব ও পশ্চিমা দেশগুলোর পথ অনুসরণ করেছে তুরস্ক। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সিরিয়ায় দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে তুরস্ক জানিয়েছে।
আসাদের এক সময়কার মিত্র তুরস্ক সিরিয়ায় শক্তি প্রয়োগ করে আন্দোলন দমনের চেষ্টার নিন্দা জানিয়েছে এবং দেশটির বিরোধীপক্ষকে সহায়তা করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আসাদের পতনের দাবিতে সিরিয়ায় বছর খানেক সময় ধরে গণ আন্দোলন চলছে। কিন্তু জনগণের দাবিতে কর্ণপাত না করে সরকারি বাহিনী দিয়ে বিদ্রোহ দমন করতে চাইছেন বাশার। এর ফলে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে।
বিরোধীদের দাবি অনুযায়ী গত এক বছরে সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে প্রায় ৯ হাজার ১শ’ মানুষ।
অন্যদিকে, চলমান আন্দোলনকে বিদেশি শক্তির মদদপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ড আখ্যা দিয়ে তাদের হাতে সরকারি বাহিনীর প্রায় ২ হাজার সদস্য প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮৩৩ ঘ.
bdnews24