ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বখ্যাত সুরস্রষ্টা মোজার্টের অপ্রকাশিত একটি স্বরলিপির খোঁজ পাওয়া গেছে অস্ট্রিয়ায়। ১৭৬৭ বা ১৭৬৮ সালে মাত্র ১০ বছর বয়সে এ সুরটি তিনি সৃষ্টি করেন বলে গবেষকরা মনে করছেন।
সালজবুর্গের একটি বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার করা একটি নোটবুকে এই স্বরলিপিটি পাওয়া যায় বলে শনিবার জানিয়েছে বিবিসি।
গবেষকরা বলছেন, ‘আলেগ্রো মল্টো’ শিরোনামের এ সুরটি মোজার্ট নিজেই সৃষ্টি করেছেন, এমন ধারণার পেছনে যথেষ্ট শক্তিশালী যুক্তি রয়েছে।
উদ্ধারকৃত নোটবুকটির মালিক দেল সিনোরে জিওভানে ভোলফগ্যাঙ্গো মোজার্ট নামের এক ব্যক্তি।
এতে লিপিবদ্ধ করা হাতের লেখাটি মোজার্ট বা তার বাবা লিওপোল্ড, কারো সঙ্গেই মিলছে না। তবে উল্লেখিত সুরটি তৎকালীন উদীয়মান শিল্পী মোজার্টের সৃষ্টি বলে সালজবুর্গ’স মোজার্টিয়াম ফাউন্ডেশনের ঐতিহাসিকরা মত দিয়েছেন।
১৬০ পৃষ্ঠার এ নোটবুকটিতে লিওপোল্ড মোজার্টের সৃষ্টি করা সুরও লিপিবদ্ধ রয়েছে। এতে তারিখ দেওয়া রয়েছে ১৭৮০ সালের।
২০০৯ সালে গবেষকরা মোজার্টের আরো দু’টি সুর খুঁজে পান। মোজার্ট সাত বা আট বছর বয়সে এগুলো সৃষ্টি করেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কিছুদিন আগে মোজার্টের শৈশব কাটানো বাড়িটিতে তার ব্যবহৃত পিয়ানোতেই তার সৃষ্টি করা চার মিনিটব্যাপী একটি সুর বাজান অস্ট্রীয় সঙ্গীতশিল্পী ফ্লোরিয়ান বার্সাক।
ফ্লোরিয়ান বলেন, এটা সাধারণ কোনো পিয়ানো নয়, এতে তার ছোঁয়া লেগে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩০ ঘ.
bdnews24