২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে কড়া জবাবের হুঁশিয়ারি ওবামার

আগামী মাসে রকেট উক্ষপণের পরিকল্পনা নিয়ে এগুলে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিউল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আগামী মাসে রকেট উক্ষপণের পরিকল্পনা নিয়ে এগুলে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুুঁশয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হুমকি আর উস্কানির পথে গেলে উত্তর কোরিয়া কিছুই পাবে না বলে সতর্ক করে দেন তিনি। একইসঙ্গে উত্তর কোরিয়াকে বশে রাখতে চীনকে তার প্রভাব খাটানোরও আহ্বান জানান ওবামা। রোববার দক্ষিণ কোরিয়া সফরকালে ওবামা উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে আরো বলেন, রকেট উৎক্ষেপণের মতো পদক্ষেপ নিয়ে উত্তর কোরিয়া কেবল আন্তর্জাতিক অঙ্গন থেকে আরো বেশি বিচ্ছিন্নই হয়ে পড়বে। সিউলে পরমাণু নিরাপত্তা সম্মেলনের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাকের সঙ্গে কথা বলার পরপরই ওবামা এসব কথা বলেন। ওবামার সঙ্গে সঙ্গে লিও বলেন, রকেট উৎক্ষেপণের পরিকল্পনা বাদ না দিলে উত্তর কোরিয়া আরো বিচ্ছিন্ন হয়ে পড়া এবং আরো নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকিতে পড়বে। উত্তর কোরিয়ার বাজে আচরণের শাস্তি দিতে ওয়াশিংটন এবং সিউল পুরোপুরি একাট্টা, বলেন ওবামা। চীনের সমালোচনা করে ওবামা বলেন, বাজে আচরণকে প্রশ্রয় দেওয়া এবং উস্কানি দেখেও না দেখার ভান করে বেইজিং কোনো কাজের কাজ করছে না। সোমবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি নিয়ে কথা তুলবেন বলে জানান। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হিসাবে না দেখতে চাওয়ার ব্যাপারে চীন আন্তরিক বলেই আমি বিশ্বাস করি। কিন্তু সে লক্ষ্যে অবিচলভাবে বেইজিংকে কাজ করতে হবে। একথার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ব্যাপারে তৎপর হতে এই প্রথম চীনকে সবচেয়ে জোর তাগাদা দিলেন ওবামা। লি এবং ওবামা দুজনই বলেন, উত্তর কোরিয়ার কোনোরকম উস্কানি এবং হুমকির কড়া জবাব দিতে দু’দেশই একমত হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হতেই থাকবে। উত্তর কোরিয়ার দূর পাল্লার রকেট উৎক্ষেপণ পরিকল্পনা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন ওবামা। এপ্রিলে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উদ্বিগ্ন হয়ে আছে ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং বলছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য। উত্তর কোরিয়া বলেছে, পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপনের উদ্দেশ্যে রকেটটি ছাড়বে তারা। এই উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়ার প্রয়াত মহান নেতা কিম ইল সাঙ’র ১’শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশতবর্ষ। দিবসটি উপলক্ষে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেতাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বিশ্বাস করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হিসেবে রকেটটি ছাড়বে উত্তর কোরিয়া, কৃত্রিম উপগ্রহ স্থাপনের দাবি একটি অজুহাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯২৫ঘ.