২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আফগান হত্যা: ক্ষতিপূরণ পেলো নিহতের পরিবারগুলো

কান্দাহারে মার্কিন সেনার গুলিতে ১৭ আফগান হত্যার ঘটনায় ক্ষতিপূরণ পেয়েছে নিহতদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কান্দাহারে মার্কিন সেনার গুলিতে ১৭ আফগান হত্যার ঘটনায় ক্ষতিপূরণ পেয়েছে নিহতদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা। নিহত প্রত্যেক আফগানের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ৪৬ হাজার ডলার এবং আহত প্রত্যেক আফগানের জন্য ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তা ও আদিবাসী নেতারা। কান্দাহারের এ হত্যাকাণ্ডের জন্য শুক্রবার ১৭ টি খুনের অভিযোগ আনা হয়েছে সন্দেহভাজন মার্কিন সার্জেন্টের বিরুদ্ধে। অভিযুক্ত ওই মার্কিন সেনা ক্রোধোন্মত্ত অবস্থায় দুই দফায় ১৭ জনকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফায় নির্বিচার গুলিবর্ষণের পর সে ঘাঁটিতে ফিরে এসে আবার খুন করার জন্য বের হয়ে যায়। শনিবার নাম না প্রকাশ করার শর্তে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। ওই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সম্পর্ক অত্যন্তু নাজুক হয়ে পড়েছে। এর আগেই এক দশকব্যাপী চলামান আফগান যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছিল। ওই কর্মকর্তা ঘটনার তদন্তের বিস্তারিত প্রকাশ না করলেও দুই দফায় হত্যাকাণ্ড হওয়ার বিষয়টি সত্য হলে ঘটনাটি যে বেশ কিছু সময় ধরে ঘটেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। মার্কিন সেনাবাহিনীর অভিযুক্ত সেনা স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালসের (৩৮) বিরুদ্ধে শুক্রবার ১৭টি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সে এখন যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের লিভেনওর্থ সামরিক কারগারের একটি নিঃসঙ্গ প্রকোষ্ঠে বন্দি। ব্যালেসের গুলিতে নিহত ১৭ আফগান গ্রামবাসীর মধ্যে নয়টি শিশু, চারজন নারী ও চারজন পুরুষ। এদের সবাইকে গত ১১ মার্চ তাদের নিজ নিজ বাড়িতে রাতের আঁধারে গুলি করে মারা হয়। এছাড়া, আরো একজন নারী, একজন পুরুষ ও চার শিশুকে হত্যা প্রচেষ্টা ও লাঞ্ছিত করার দায়ে তার বিরুদ্ধে অতিরিক্ত আরো ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনার পর আফগানিস্তানে গ্রামাঞ্চল থেকে ন্যাটোর সব ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.