নিউ অরলিন্স, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে লুইজিয়ানা অঙ্গরাজ্যে জিতেছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী রিক সান্তোরাম।
লুইজিয়ানায় অধিকংশ ভোট গণনার ফলে দেখা গেছে, পেনসিলভানিয়ার সাবেক সিনেটর সান্তোরাম ৪৯ শতাংশ ভোট পেয়ে অপর রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে পেছনে ফেলেছেন। রমনি পেয়েছেন ২৬ শতাংশ ভোট।
ওদিকে, আরেক মনোনয়ন প্রত্যাশী প্রতিনিধি সভার সাবেক স্পিকার নিউ গিংরিচ তৃতীয় অবস্থানে রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে তিনি এখনো টিকে আছেন।
প্রতিটি রাজ্যে প্রাইমারি ও ককাসে বিজয়ী প্রার্থীকে চলতি বছর অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলন থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে। চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থী রিপাবলিকান দলের হয়ে নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন।
এখনো পর্যন্ত ৩৪টি রাজ্যে ভোটের মধ্যে মিট রমনি জয়ী হয়েছেন ২১টিতে। আর সান্তোরম জয় পেয়েছেন ১১টি রাজ্যে।
এপ্রিলে উইসকনসিন, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসিতে ভোট হবে। সেখানে রমনি আবার জয়ের ধারায় ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এখনও পর্যন্ত রাজ্যগুলোর ককাস ও প্রাইমারি থেকে মিট রমনি ৫শ’৬৩ ডেলিগেটস ও সান্তোরম ২শ’৬৩ ডেলিগেটস পেয়েছেন।
লুইজিয়ানার ৪৬ ডেলিগেটসের মধ্যে প্রাইমারিতে জিতে ২০ জনের সমর্থন পেয়েছেন সান্তোরম। বাকীদের সমর্থন নির্ধারিত হবে জুনে রাজ্যে অনুষ্ঠিত দলীয় সম্মেলন থেকে।
রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীর ১ হাজার ১শ’ ৪৪ জন ডেলিগেটসের সমর্থন প্রয়োজন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২২ঘ.
bdnews24