২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের হাতে এক বিধায়ক অপহৃত

ইতালির দুই নাগরিককে অপহরণের ১০ দিন পর ওড়িশ্যার বিধানসভার এক সদস্যকে অপহরণ করেছে ভারতের মাওবাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ভুবনেশ্বর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির দুই নাগরিককে অপহরণের ১০ দিন পর ওড়িশ্যার বিধানসভার এক সদস্যকে অপহরণ করেছে ভারতের মাওবাদীরা। এ ঘটনার পর ইতালির নাগরিকদের মুক্তির ব্যাপারে মাওবাদীদের সঙ্গে রাজ্য সরকারের সমঝোতা আলোচনা স্থগিত হয়ে গেছে। শনিবার সকালে ভুবনেশ্বর থেকে ৫০০ কিলোমিটার দূরের একটি পাহাড়ি এলাকায় দিয়ে যাওয়ার সময় ওড়িশ্যার ক্ষমতাসীন দল বিজু জনতা দলের (বিজেডি) বিধায়ক ঝিনা হিকাকাকে (৩৭) অপহরণ করে অস্ত্রধারীরা। ওড়িশ্যার পুলিশ কর্মকর্তা সূর্যমনি প্রধান রয়টার্সকে বলেন, “তারা তাকে অপহরণ করেছে। তবে গাড়ির চালক ও দেহরক্ষীকে ছেড়ে দিয়েছে।” “বিস্তারিত জানার জন্য আমরা অপেক্ষা করছি।” পুলিশ কর্মকর্তা জানান, অপহরণকারীরা হিকাকার গাড়িতে ১৩টি দাবি সম্বলিত একটি প্রচারপত্র রেখে যায়। অপহৃত দুই ইতালীয়ের মুক্তির জন্য এসব দাবি জানিয়েছিল তারা। গত ১৪ মার্চ ইতালির নাগরিক পাওলো বোসুকো ও ক্লদিও কোলাঞ্জেলোকে অপহরণ করে মাওবাদীরা। নক্সাল নামে পরিচিত মাওবাদী বিদ্রোহীরা প্রায় এক দশক জুড়ে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। দরিদ্র ও ভূমিহীনদের অধিকারের জন্য লড়াই করছে বলে দাবি করেন মাওবাদীরা। বিভিন্ন সময় ভূমি নিয়ে সৃষ্ট বিতর্কে ভারতের কৃষকদের পাশে দাঁড়ান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯১৪ ঘ.