ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের প্রাইমারিতে বড় ধরনের জয় পেয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি।
এতে করে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডেমেক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে মোকাবেলা করার পথে আরো এগিয়ে গেলেন তিনি।
প্রাইমারির ফলাফলে দেখা যাচ্ছে, ম্য্যাচাসুসেটসের সাবেক গভর্নর রমনি ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক সান্তোরম পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।
ওদিকে, অন্য প্রার্থী রন পল পেয়েছেন ৯ শতাংশ ও নিউ গিংরিচ পেয়েছেন ৮ শতাংশ ভোট বিবিসি এ খবর দিয়েছে।
ইলিনয়ের প্রাইমারিতে জিতে রমনি বলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। কেননা আমার অভিজ্ঞতা আছে এবং বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার দূরদৃষ্টি রয়েছে।”
যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্য থেকে রিপাবলিকান দলের কনভেনশনে ৫৪ জন ডেলিগেটস যাবে। আর এদের সবার সমর্থন পাওয়ারই প্রত্যাশা করছেন রমনি।
ইলিনয়ে জয়ের পর রমনি ডেলিগেটদের সমর্থনের দিক দিয়ে সান্তোরামকে ছাড়িয়ে গেছেন। তার ডেলিগেটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪০ জনে।
আর সান্তোরাম পেয়েছেন ২৩৯ ডেলিগেটের সমর্থন। রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে হলে ১ হাজার ১শ ৪৪ জন ডেলিগেটস প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৪ঘ.
bdnews24