ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা পরিকল্পনা সম্পর্কে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো জানতেন বলে দাবি করেছেন সিআইএ’র অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। এ ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
আর নতুন এই বিতর্কের মধ্যদিয়ে প্রায় অর্ধশতাব্দী আগে সংঘটিত ঘটনাটি সম্পর্কে আবারও ধূম্রজালের সৃষ্টি হলো।
ফিদেল কাস্ত্রো অবশ্য কেনেডি হত্যাকাণ্ডে তার জড়িত না থাকার বিষয়টি পরিষ্কার করেছেন। এমনকি তদন্তেও জন এফ কেনেডিকে হত্যাকারী সাম্যবাদের প্রতি সহানুভূতিশীল হার্ভে ওসওয়াল্ড একাই এ খুনের সঙ্গে জড়িত বলে উপসংহার টানা হয়েছে।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা দাবি করেছেন, জেএফকে আততায়ীর গুলিতে নিহত হতে যাচ্ছেন এই বিষয়টি জানতেন ফিদেল কাস্ত্রো। আর এ ব্যাপারে তার কাছে প্রমাণ থাকারও দাবি করেছেন সিআইএ’র সাবেক কর্মকর্তা ব্রায়ান লাটেল।
সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে কেনেডি হত্যার পরিকল্পনা সম্পর্কে ফিদেল কাস্ত্রো জানতেন বলে তিনি দাবি করেন।
কেনেডি নিহত হওয়ার অর্ধশতাব্দী পূরণ হওয়ার দ্বারপ্রান্তে এসে নতুন এ অভিযোগ আগের সন্দেহকে পুনর্জীবিত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সিআইএ’র সাবেক কর্মকর্তা ১৯৬০ এর দশকে মার্কিন গোয়েন্দা সংস্থাটির কিউবা বিষয়ক বিশ্লেষক ছিলেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়। এছাড়া তিনি সিআইএ’র লাতিন আমেরিকা বিষয়ক প্রধানও ছিলেন।
চলতি বছর এপ্রিলে ব্রায়ান লাটেলের এই বইটি প্রকাশিত হবে।
এতে তিনি লিখেন, “১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে কেনেডি নিহত হওয়ার দিন ফিদেল কাস্ত্রো হাভানায় কিউবার এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাকে সিআইএ’র রেডিও যোগাযোগ শোনা বন্ধ করে টেক্সাসে কি হচ্ছে সে বিষয়ে মনোযোগ দেয়ার নির্দেশ দেন।”
বইটিতে সিআইএ’ সাবেক কর্মকর্তা আরো লিখেছেন, “এর চার ঘণ্টা পরেই কেনেডি নিহত হওয়ার খবর আসে।”
তিনি দাবি করেন, “ওসওয়াল্ডকে কিউবার মেক্সিকো দূতাবাস ভিসা না দিলে কেনেডিকে হত্যা করে নিজেকে সাম্যবাদী হিসেবে প্রমাণ করার কথা জানায় দূতাবাস কর্মকর্তাদের। আর বিষয়টি ফিদেল জানতেন।”
লাটেল তার বইয়ে জানান, “ফিদেল বিষয়টি জানলেও তা প্রতিহত করার কোনো পদক্ষেপ নেননি।”
তবে গত রোববার মিয়ামি হেরাল্ডে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফিদেল হত্যার নির্দেশ দিয়েছে আমি তা বলছি না। ওসওয়াল্ড তার নিয়ন্ত্রণে ছিল আমি তাও বলছি না। সে ফিদেলের নিয়ন্ত্রণে থাকতেও পারে। আমি সে বিষয়ে কোনো তর্কে যাচ্ছি না। কারণ আমি ওই বিষয়ে কোনো তথ্য প্রমাণ যোগাড় করতে পারিনি।”
সিআইএ’র এ সাবেক কর্মকর্তা বর্তমানে মিয়ামি ইউনিভার্সিটির কিউবা বিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক।
ওই সাক্ষাৎকারে ব্রায়ান লাটেল আরো বলেন, “আমি যা কিছু লিখেছি তথ্য ও লিখিত নথির সহায়তাতেই লিখেছি। ফিদেল কি কেনেডির মৃত্যু কামনা করতো? হ্যাঁ। তিনি কেনেডিকে ভয় পেতেন। কেনেডি তার জন্য তোপ বলে তিনি মনে করতেন। ফিদেল হয়তো মনে মনে আত্মরক্ষার কথা চিন্তা করতেন। হয়তো তা করেও থাকতে পারেন।”
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স (এফবিআই)’র সাবেক গোয়েন্দা জ্যাক চাইল্ডস ছাড়াও আরো বেশ কয়েকটি সূত্র কিউবা দূতাবাসে কেনেডিকে হত্যা বিষয়ে ওসওয়াল্ডের প্রতিশ্র“তির কথা ফিদেল জানতেন বলে দাবি করেছে।
এদিকে মেক্সিকোর দূতাবাসে ওসওয়াল্ডের আগমনকে একটি ‘ছোট ঘটনা’ এবং কিউবার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেনি বলে জনসম্মুখে দাবি করেছেন ফিদেল কাস্ত্রো।
এছাড়া কেনেডি হত্যা তদন্তকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ও ওয়ারেন কমিশনের প্রতিবেদনেও ফিদেল ক্যাস্ত্রোর জড়িত থাকার কথা বলা হয়নি। ওসওয়াল্ড একাই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫৩ ঘ.
bdnews24