২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে বোমা বিস্ফোরণে নিহত ৪৯

ইরাকজুড়ে মঙ্গলবার বিভিন্ন শহর ও নগরে অন্তত ২৬ টি বোমা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

বাগদাদ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে মঙ্গলবার বিভিন্ন শহর ও নগরে অন্তত ২৬ টি বোমা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ। বাগদাদে আগামী সপ্তাহে আরব লিগ সম্মেলনের আগে বড় ধরনের নিরাপত্তা অভিযানের মধ্যেও একযোগে বিভিন্ন জায়গায় এ সমন্বিত বোমা হামলা হল। মঙ্গলবার ইরাকের দক্ষিণাঞ্চলে কারবালায় জোড়া বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। ২য় বিস্ফোরণে আরো ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। উত্তরাঞ্চলীয় নগরী কিরকুকে পুলিশ সদরদপ্তরের কাছে দুটো গাড়িবোমা বিস্ফোরণে ৯ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র। বাগদাদে প্রাদেশিক পরিষদ ভবনের কাছে একটি গাড়িবোমা হামলায় ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। বাগদাদ ছাড়াও বাইজি, বাকুবা, দাকুক, দিবিস, ধুলুইয়া, কিরকুক, মসুল, সামারা, তুজ খুরমাতো, ফাল্লুজা, রামাদি, হিল্লা, লতিফিয়া, মাহমুদিয়া, মুসায়েব এলাকাতেও বোমা হামলা হয়েছে। পুলিশ বাকুবা, ফাল্লুজা এবং মসুলে বোমা নিস্ক্রিয় করেছে। বেশির ভাগ হামলাই হয়েছে পুলিশ চেকপয়েন্ট এবং প্রহরাকেন্দ্রগুলোতে। এসব বোমা হামলায় মোট ৪৯ জন নিহত এবং ২৩৫ জন আহত হওয়ার খবর পুলিশের কাছ থেকে পেয়েছে রয়টার্স। প্রায় একমাসের মধ্যে এটি ইরাকে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। এতোগুলো শহরে একযোগে এ বোমা হামলার মধ্য দিয়ে সম্মেলনের আগে দেশকে নিরাপদ রাখতে সরকারের দুর্বলতা প্রমাণেরই সংকল্প নিয়েছে বিদ্রোহীরা। ইরাকে ২০ বছরের মধ্যে এ সম্মেলন হতে চলেছে। আর ডিসেম্বরে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশের নিরাপত্তা বিধানে সক্ষমতা দেখানো নিয়ে সরকারও উদ্বিগ্ন। ২৩ ফেব্র“য়ারিতে ইরাকজুড়ে বোমা হামলায় ৬০ জন নিহত হওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা।. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৬ঘ