বৈরুত, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দির আল জোর থেকে মঙ্গলবার বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোলা হামলার মুখে স¤প্রতি কয়েক সপ্তাহে দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকে পিছু হটছে সশস্ত্র বিদ্রোহী বাহিনী। এর মধ্যে বিদ্রোহী বাহিনী সর্বশেষ দির আল জোর থেকে পিছু হটল।
দির আল জোর ‘রেভল্যুশন কমিটিস ইউনিয়নে’র এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষত দির আল জোর এর দক্ষিণ-পূর্ব এলাকাগুলোর আশেপাশের আবাসিক এলাকাগুলোতে প্রবেশ করে ট্যাংক। এরপর সাধারন নাগরিক হতাহতের ঘটনা এড়াতে ওই এলাকা থেকে সরে যায় ফ্রি সিরিয়ান আর্মি।
সরকারি সেনারা হোমস, হামা ও রাস্তান শহরের বিভিন্ন স্থানের আবাসিক এলাকাতেও গোলা হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়। অন্যদিকে, দক্ষিণের সামরিক একটি তল্লাশিকেন্দ্রে হামলায় নিহত হয় এক সেনা। বিরোধীপক্ষ একথা জানিয়েছে।
‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সেনাবাহিনীর হামলায় হোমস এ মঙ্গলবার ৭ জন নিহত হয়েছে।
উত্তরাঞ্চলে হামার চারপাশেও লড়াই চলছে। বিরোধীদলীয় সূত্রগুলো বলেছে, মঙ্গলবার সকালে ফ্রি সিরিয়ান আর্মিকে হটাতে শহরে ট্যাংক থেকে বোমা হামলা চালানো হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, এক বছর ধরে চলা সিরিয়ার আন্দোলন সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর সিরীয় সরকারের দাবি, এ সময়ে সিরিয়ার সরকারি বাহিনীর প্রায় ২ হাজার সদস্যকে হত্যা করেছে বিদেশি রাষ্ট্রগুলো সমর্থিত “সন্ত্রাসীরা”।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৩ঘ.
bdnews24