ইসলামাবাদ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে মার্কিন বাহিনীর ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতার বিষয়গুলো পর্যালোচনার দায়িত্বে থাকা এই কমিটি মঙ্গলবার পার্লামেন্টে যে প্রতিবেদন উপস্থাপন করেছে, তাতে বলা হয়েছে, ন্যাটোর হামলায় গত নভেম্বর ২৪ পাকিস্তানী সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা উচিৎ।
এই কমিটির চেয়ারম্যান রাজা রাব্বানি পার্লামেন্টকে বলেন, মার্কিন বাহিনীর হামলা বন্ধ না হলে তা দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটাবে।
গত বছর ২৬ নভেম্বর আফগান সীমান্তের কাছে ২৪ পাকিস্তানি সেনাকে হত্যা করে ন্যাটোর সেনারা। এর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক ‘গোপন’ আভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে।
পাকিস্তানকে কিছু জানিয়েই অ্যাবোটাবাদে ওই অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। হোয়াইট হাউজ থেকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান সরাসরি পরিচালনা করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পাকিস্তানের অনুমতির তোয়াক্কা না করেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালিয়ে আসছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র।
এর প্রতিবাদে পাকিস্তান কিছুদিন আগে ন্যাটোর রসদবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
রাব্বানি তার সুপারিশে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের ওপর দিয়ে আফগানিস্তানে বিদেশি বাহিনীর জন্য রসদ নেওয়ার ক্ষেত্রে কর আরোপ করা উচিৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24