কাবুল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা হামলা প্রচেষ্টার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।
বুধবার আকস্মিক এক সফরে আফগানিস্তান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঘটনাটি ঘটে। একটি চুরি করা পিকআপ ট্রাক নিয়ে এক আফগান তার বিমানে হামলা চালানোর চেষ্টা করে।
মার্কিন সেনার গুলিতে আফগানিস্তানের কান্দাহারে ১৬ বেসামরিক আফগান নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় সৃষ্ট উত্তেজনার মধ্যে আকস্মিক এক সফরে এসে এই হামলা প্রচেষ্টার কবলে পড়েন প্যানেট্টা।
ঘটনাটি ঘটে হেলমান্দ প্রদেশের ব্রিটিশ সেনা ঘাঁটি ক্যাম্প ব্যাসটিওনে। প্যানেট্টাকে বহনকারী বিমানটি আফগানিস্তানের এই ব্রিটিশ ঘাঁটিতেই নামে। আর মাটিতে নেমে বিমানটি যখন রানওয়ে ধরে এগিয়ে গিয়ে থামবে ঠিক তখনই ওই পিকআপটি বিমানটিকে লক্ষ করে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে।
কিন্তু চুরি করা ওই পিক-আপ ট্রাকটি রানওয়ে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বিমানটির দিকে এগিয়ে আসার সময় উচুঁ একটি জায়গায় ধাক্কা লেগে চূর্ণ হয়ে যায় ও তাতে আগুন ধরে যায়।
এতে পিকআপ চালক মারাত্মক অগ্নিদগ্ধ ও আহত হন। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
পিকআপটি চুরি করার সময় ন্যাটোর এক কর্মী আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও তার সফরসঙ্গীদের কেউ এ ঘটনায় কোনো হুমকির মুখে পড়েন নি বলে পেন্টাগন থেকে জানানো হয়েছে।
তবে প্যানেট্টার সফরসঙ্গী পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল ওই পিকআপটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছিলো বলে আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছেন।
ক্ষতিগ্রস্ত ওই পিকআপটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায় নি বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।
“আমরা বিশ্বাস করি, প্রতিরক্ষামন্ত্রী কোনো বিপদের মধ্যে ছিলেন না,” বলেন লিটল। পিকআপটির চালকের উদ্দেশ্য পরিষ্কার নয় দাবি করে তিনি জানান, অগ্নিদগ্ধ ওই চালককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিকআপটি চুরির সময় আহত ন্যাটোর কর্মী আত্মরক্ষার্থে গাড়িটি থেকে লাফিয়ে পড়ে আহত হন বলে জানিয়েছে পেন্টাগন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০৪ ঘ.
bdnews24