২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলন দমনে ইরানের পরামর্শ নিয়েছেন আসাদ’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বিরুদ্ধে চলা আন্দোলন দমনে ইরানের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। পাশাপাশি সংস্কার বিষয়ে করা অঙ্গীকার নিয়ে ঠাট্টাও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নিউ ইয়র্ক, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বিরুদ্ধে চলা আন্দোলন দমনে ইরানের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। পাশাপাশি সংস্কার বিষয়ে করা অঙ্গীকার নিয়ে ঠাট্টাও করেছেন তিনি। প্রেসিডেন্ট বাশার ও তার স্ত্রীর ব্যক্তিগত ই- মেইল অ্যাকাউন্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে বুধবার যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়াও ই- মেইল থেকে জানা গেছে, কাতারের আমিরের এক মেয়ে পদত্যাগের জন্য আসাদ ও তার পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও সিরিয়ার বিরোধী দলের এক সদসস্যের পাঠানো ই-মেইলে ইঙ্গিত করা হয়েছে। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ফেব্র“য়ারির শুরু পর্যন্ত প্রায় তিন হাজার ই-মেইল সংগ্রহের দাবি করেছে পত্রিকাটি। গত ডিসেম্বর মাসে দেওয়া ভাষণের আগে আসাদকে তার গণমাধ্যম বিষয়ক পরামর্শক একটি ই-মেইল পাঠান। এতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। ‘বেশ কয়েকজন ব্যক্তি এবং ইরানের রাষ্ট্রদূতের মিডিয়া ও রাজনৈতিক উপদেষ্টার’ সঙ্গে পরামর্শ করে এটি তৈরি করা হয়েছে বলেও ওই ই-মেইলে বলা হয়। আসাদকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, “আমার মনে হয় ভাষণের ভাষা শক্তিশালী ও সহিংস হওয়া উচিত। কারণ জনগণ দেশের জন্য লড়াইরত একজন শক্তিশালী প্রেসিডেন্টকে দেখতে চায়।” একইসঙ্গে সেনাবাহিনীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেদের সক্ষমতা প্রমাণে সরকারের সেনাবাহিনী সংশ্লিষ্ট আরো তথ্য প্রকাশ করা উচিত বলেও এতে পরামর্শ দেওয়া হয়। গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, আসাদের স্ত্রী আসমার কাছে কাতারের আমিরের কন্যা মায়াসা আল-থানি গত জানুয়ারি মাসে একটি ই-মেইল পাঠান। এতে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট চাইলে তার পরিবার নিয়ে রাজধানী দোহায় নিরাপদে থাকতে পারেন। গত নভেম্বর মাসে পাঠানো কয়েকটি ই-মেইলে হোমস জেলার বাবা আমর শহরে পশ্চিমা সাংবাদিকদের অবৈধ উপস্থিতির বিষয়ে সংক্ষেপে আসাদকে জানিয়ে শহরটিতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। নভেম্বর ও ডিসেম্বর মাসে পাঠানো ই-মেইলে উপদেষ্টারা জানান, ‘সরকারি সব স্থানের ওপর’ নিয়ন্ত্রণ রাখা উচিত সরকারের। ই-মেইলগুলোর সত্যতা যাচাইয়ে যথাযথ চেষ্টা চালানো হয়েছে উল্লেখ করে গার্ডিয়ান জানায়, ই-মেইলে পাঠানো তথ্যগুলো যে সত্য এ বিষয়ে সন্দেহ নেই। তবে প্রত্যেকটি মেইল যাচাই করা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৯ ঘ.