ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে জনমতের পালে হাওয়া লেগেছে। আর তাতে বাড়ছে তার গ্রহণযোগ্যতা। সম্প্রতি একটি জরিপ সংস্থা জানিয়েছে, বর্তমানে ওবামার কর্মসংস্থান উদ্যোগের প্রতি আস্থা স্থাপন করেছে ৫০ ভাগ আমেরিকান।
রয়টার্স/ইপসস পরিচালিত নতুন এক জরিপে একথা বলা হয়েছে।
গত বছরের জুলাই থেকে বর্তমানে প্রথমবারের মতো তার উদ্যোগের প্রতি মার্কিনিদের আস্থার হার এত বেড়েছে।
চলতি বছরের ফেব্র“য়ারিতে মার্কিন অর্থনীতিতে ২ লাখ ২৭ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এমন প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৮-১১ মার্চ পর্যন্ত পরিচালিত জরিপে এ চিত্র উঠে আসে।
এতে দেখা যায়, গত মাসে ওবামার প্রতি আস্থা স্থাপনকারীদের হার ২ শতাংশ বেড়েছে। এর আগে ফেব্র“য়ারি মাসে এ হার ৪৯ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়িয়েছিল।
জরিপে অংশগ্রহণকারীর ৩৭ শতাংশ মনে করছে আমেরিকা সঠিক পথেই এগিয়ে চলেছে। অথচ ফেব্র“য়ারি মাসে এ ধরনের বিবেচনা ছিল ৩২ শতাংশ মার্কিনির।
অবশ্য অন্যান্য জরিপে ওবামার কাজের প্রতি মার্কিনিদের অনুমোদনের হার কমতে দেখা গেছে। এর পেছনে গ্যাসের দাম বৃদ্ধিকেও একটি কারণ বলে মনে করা হচ্ছে। তবে আমেরিকার অধিকাংশ জনগণই গত মাসের অর্থনৈতিক প্রবণতাকে তুলনামূলক ইতিবাচক মনে করছে। আর এটাই ওবামার জন্য ভালো ফল বয়ে এনেছে।
ইপসসের জরিপকারী ক্লিফ ইয়ং বলেন, “অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। খুব দ্রুত না ঘটলেও সব কিছু যে উন্নততর হচ্ছে তা উপলব্ধি করছে জনগণ।”
জরিপে আরো দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে আরো তিন প্রতিদ্বন্দ্বীর তুলনায় ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনির প্রতি রিপাবলিকানদের সমর্থনই তুলনামূলক বেশি রয়েছে।
এক হাজার ৮৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এ ফলাফল তৈরি করেছে রয়টার্স/ইপসস। অংশগ্রহণকারীদের ৫৫৪ জন ডেমোক্র্যাটের সমর্থক হিসেবে নিজেদের দাবি করেছেন। আর রিপাবলিকানের সমর্থক ছিলেন ৪২১জন। বাকি ১০৯ জন নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩৭ জন ছিলেন নিবন্ধিত ভোটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৪ ঘ.
bdnews24