২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ হাজার ৬০ বছরের কারাদণ্ড!

সাবেক এক সেনা সদস্যকে ৬ হাজার ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে গুয়েতেমালার এক আদালত। গৃহযুদ্ধ চলাকালে নির্বিচারে ২০১ জনকে হত্যার অভিযোগে মঙ্গলবার তাকে এ সাজা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক এক সেনা সদস্যকে ৬ হাজার ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে গুয়েতেমালার এক আদালত। গৃহযুদ্ধ চলাকালে নির্বিচারে ২০১ জনকে হত্যার অভিযোগে মঙ্গলবার তাকে এ সাজা দেওয়া হয়। সাজার এই মেয়াদ প্রতীকী। সাজাপ্রাপ্ত এই সাবেক সেনার নাম পেদ্রো পিমেন্টেল রিয়োস (৫৫)। গত বছর যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায় তাকে ফেরত আনা হয়। গুয়াতেমালায় গৃহযুদ্ধ চলাকালে ১৯৮২ সালে দস এররেস নামের এক গ্রামে নির্বিচার হত্যাকান্ড চালিয়ে ২০১ জনকে হত্যা করা হয়েছিলো। ওই ঘটনায় অভিযুক্ত আরো চার সেনার বিচার আগেই সম্পন্ন হয়েছে। গৃহযুদ্ধের নৃশংসতার পুনারাবৃত্তিরোধে প্রতীকী এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সাজার প্রকৃত মেয়াদ সর্বোচ্চ ৫০ বছর। গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধের ইতিহাসে দস এররিসের গণহত্যা অন্যতম ভয়াবহ যুদ্ধাপরাধ। ‘কাইবিলেস’ নামে পরিচিত গুয়েতেমালা সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট এ হত্যাকাণ্ড ঘটায়। বামপন্থি গেরিলাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে সন্দেহে তারা কয়েকটি গ্রামে হামলা চালায়। তিনদিন ধরে কাইবিলেস ইউনিটের সেনারা ঠাণ্ডা মাথায় গ্রামগুলোর ২০১ জন পুরুষ, নারী ও শিশুকে হত্যা করে। গুলি করে অথবা বুলডোজার দিয়ে পিষে তাদের মারা হয়। এরপর নিহতদের প্রাণহীন দেহগুলো তারা একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। ২০১০ সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত পিমেন্টাল ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন। ২০১১ সালে তাকে গুয়েতেমালায় ফেরত পাঠানো হয়। প্রত্যেক হত্যাকান্ডের জন্য তাকে ৩০ বছর করে সাজা দেওয়া হয়। আর মানবতা বিরোধী অপরাধের জন্য তার আরো ৩০ বছরের সাজা হয়। তবে ওই গণহত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আসামি পিমেন্টাল। এর আগে অভিযুক্ত চারজনকেও একই সাজা দেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০৭ঘ.