২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালাবামা, মিসিসিপিতে সান্তোরামের জয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতার দৌড়ে অ্যালাবামা ও মিসিসিপি’র প্রাইমারিতে মিট রমনিকে হারিয়ে জয়ী হয়েছেন রিক সান্তোরাম। অ্যালাবামায় সান্তোরাম পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। অন্য দুই প্রতিপক্ষ নিউ গিংরিচ এবং মিট রমনি দুজনই ২৯ শতাংশ ভোট পেয়েছেন। তবে রমনির চেয়ে সামান্য এগিয়ে গিংরিচ ২য় অবস্থানে রয়েছেন। ওদিকে, মিসিসিপিতে প্রায় সব ভোট গণনায় দেখা গেছে, সান্তোরাম ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। গিংরিচ পেয়েছেন ৩১ শতাংশ ভোট। আর ৩০ শতাংশ ভোট পেয়েছেন রমনি। সান্তোরাম এ যাত্রায় বড় ধরনের জয় পেয়ে রমনির বিপরীতে একজন নির্ভরযোগ্য প্রার্থী হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করলেন। আর সান্তোরামের এ জয় গিংরিচের জন্যও এক বড় ধাক্কা। আগামী প্রতিযোগিতায় রমনির সঙ্গে সান্তোরামকে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য এখন গিংরিচের ওপর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়বে। কিন্তু গিংরিচ রণে ভঙ্গ দিতে নারাজ। থাম্পা, ফ্লোরিডায় প্রচারাভিযান চালিয়ে যেতে চান তিনি। চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে হলে ১ হাজার ১শ’ ৪৪ ডেলিগেটসের সমর্থন পেতে হবে প্রার্থীদের। রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ও ককাসে ডেলিগেটদের সমর্থনের ভিত্তিতে এ দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রমনি। অপরদিকে, দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন সান্তোরম। অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলন থেকে চূড়ান্ত মনোয়ন পাওয়া প্রার্থীই নভেম্বরের নির্বাচনে মোকাবেলা করবেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২৫ঘ.