কান্দাহার, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মার্কিন সেনার গুলিতে ১৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আফগানিস্তানে অবিলম্বে মার্কিন সেনাদের সেদেশ থেকে হটিয়ে দেওয়ার ডাক উঠেছে।
এতে করে বিশৃঙ্খলা থেকে আফগানিস্তানের সুরক্ষায় দেশটিতে দীর্ঘদিন সেনা উপস্থিতি রাখার ওয়াশিংটনের চেষ্টায় ছেদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফলে আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
আফগানিস্তানে দীর্ঘ মেয়াদে মার্কিন সেনা উপস্থিতির অনুমতি চেয়ে কাবুলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে যাওয়ার চেষ্টায় আছে যুক্তরাষ্ট্র।
আফগান ওই কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেন, “এ চুক্তিতে বিলম্ব হতে পারে।”
কৌশলগত অংশীদার চুক্তি নিয়ে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। ২০১৪ সালে মার্কিন সেনারা চলে গেলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সে বিষয়টিই এ চুক্তির মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা।
গতমাসে ন্যাটোর একটি ঘাঁটিতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পর থেকে আফগানিস্তানে মার্কিন বিদ্বেষ বাড়ছে।
এ পরিস্থিতিতে কান্দাহারে নতুন করে মার্কিন সেনার গুলিতে নিরীহ আফগান নিহত হওয়ার ঘটনা মার্কিন বিরোধী ক্ষোভকে আরো উস্কে দিয়েছে।
আফগানিস্তানের পার্লামেন্ট এ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে এবং বিদেশি বাহিনীর কর্মকাণ্ডে আফগানরা ধৈর্য হারাচ্ছে বলেও জানিয়েছে তারা।
বিদেশি বাহিনীকে নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ছেড়ে যাওয়ার দাবি তুলেছে বিক্ষুব্ধ আফগানরা।
কান্দাহারের ওই ঘটনার পর আফগানিস্তানে মার্কিন সেনাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ওদিকে. এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে দুঃখপ্রকাশ করে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বেসামরিক আফগানদের ওপর গুলির ঘটনার সঙ্গে কয়জন মার্কিন সেনা জড়িত সে বিষয়টি স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার সঙ্গে বেশ কয়েকজন মার্কিন সেনা জড়িত বলে জানায়।
যদিও আফগানিস্তানের মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ)’র পক্ষ থেকে হামলার সঙ্গে এক মার্কিন সেনা জড়িত বলে দাবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৯ঘ.
bdnews24