কান্দাহার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)-আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পশ্চিমা বাহিনী রোববার ৯ শিশুসহ ১৬ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা রযটার্সকে বলেছে, এ হত্যাকাণ্ড ঘটিয়েছে মার্কিন সেনারা। তারা জানায়, একদল মার্কিন সেনা রাত দুইটার দিকে কান্দাহারের পানজাওয়ি গ্রামে এসে কয়েকটি বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। তারা মাতাল ছিল বলে ধারণা করা হচ্ছে।
নিহত এক শিশুর বাবা অভিযোগ করে বলেছেন, তার সন্তানকে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলেছে সেনারা। গুলিতে তার ১১ আত্মীয় নিহত হয়েছে বলেও জানান তিনি।
আশেপাশের অধিবাসীরা বলেছে, তারা মার্কিন সেনাদের গুলির শব্দে জেগে ওঠেন। সেনারা হাসাহাসি করছিলো এবং মাতাল ছিল।
স্থানয়ি এক বাসিন্দা আগা লালা বলেন, তারা সবাই মাতাল ছিলো এবং সবজায়গায় এলাপাতাড়ি গুলি চালাচ্ছিলো।
এর আগে আফগানিস্তানের এক মন্ত্রী এক মার্কিন সেনার গুলিতে ১৬ জন আফগান নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
প্রাদেশিক রাজধানী কান্দাহার শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে পানজাওয়ি এলাকা। এ এলাকাটি তালেবানদের আধ্যাত্মিক কেন্দ্র বলে মনে করা হয়।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কোয়ালিশন বাহিনীর হাতে বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী গভীরভাবে মর্মাহত।”
আফগানিস্তানের ন্যাটো ঘাঁটিতে মার্কিন সেনাদের কোরান পোড়ানোর ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পর আফগান হত্যার এ ঘটনা ঘটল।
এতে করে চিড় ধরা ওয়াশিংটন-কাবুল সম্পর্ক নতুন করে আরো অবনতির দিকে যাবে বলেই মনে করা হচ্ছে।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) বলেছে, তারা এক সেনাকে আটক করেছে এবং ঘটনাটির তদন্ত চলছে। আইএসএএফ জানায়, ওই সেনা ন্যাটো ঘাঁটির কাছাকাছি কয়েকটি গ্রামে গেছে বলে তারা খবর পেয়েছে।
আইএসএএফ এর উপ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আদ্রিয়ান ব্যাডশ এক বিবৃতিতে বলেন, “এ ধরনের কর্মকান্ডের পেছনে উদ্দেশ্য কি তা আমি বলতে পারব না। তবে এ ধরনের কাজ কোনোভাবেই আইএসএএফ এর সামরিক কর্মসূচির আওতায় পড়ে না।”
সীমান্ত ও আদিবাসী বিষয়ক মন্ত্রী আসাদুল্লাহ খালিদ আফগান নিহতের ঘটনাটি তদন্ত করছেন। তিনি বলেন, এক মার্কিন সেনা তিনটি বাড়িতে ঢুকে ১১ জনকে হত্যা করেছে।
ন্যাটো বাহিনীর হাতে নিরীহ আফগান হত্যার ইস্যুটি নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ন্যাটো বাহিনীর মধ্যে বিরোধ আছে। এর মধ্যে নতুন করে আফগান হত্যার এ ঘটনায় সে বিরোধ আরো বাড়ারই পট প্রস্তুত হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৫৭ঘ.
bdnews24