২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিরাও ইসরায়েলে দুই ডজনেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

গাজা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিরাও ইসরায়েলে দুই ডজনেরও বেশি রকেট নিক্ষেপ করেছে। শুক্রবার সকালে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। ফিলিস্তিনিরা দুটি রকেট নিক্ষেপ করলে পাল্টা ইসরায়েল গাজায় দু’জন ফিলিস্তিনি একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত গাড়ির আরোহী ফিলিস্তিনি পপুলার রেসিসটেন্স কমিটির (পিআরসি) সাধারণ সম্পাদক জোহের আল কুয়াসি ও অপর নেতা মাহামুদ আল হানানি নিহত হন। জোহের ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর রাতে ইসরায়েল আরো তিনবার গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস মুভমেন্ট। এতে আরো আটজন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলে আরো কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। পিআরসি নেতার হত্যার প্রতিশোধ হিসেবে রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠি দাবি করেছে তারা ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা করেছে। ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত রকেটে ইসরায়েলের তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০৭ ঘ.