২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের স্ত্রীদের মুক্তি দাবি তালেবানের, হামলার হুমকি

পাকিস্তান কর্তৃপক্ষের হেফাজত থেকে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রীদের মুক্তি দাবি করেছে তালেবানরা। অন্যথায় সরকার, পুলিশ এবং সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চলবে বলে হুমকি দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

পাকিস্তান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান কর্তৃপক্ষের হেফাজত থেকে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রীদের মুক্তি দাবি করেছে তালেবানরা। অন্যথায় সরকার, পুলিশ এবং সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চলবে বলে হুমকি দিয়েছে তারা। শুক্রবার এক তালেবান মুখপাত্র একথা জানান। তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এহসান রয়টার্সকে বলেন, “ওসামা বিন লাদেনের পরিবারকে যত শিগগিরিই সম্ভব মুক্তি না দিলে আমরা তাদের বিচার প্রক্রিয়ায় জড়িত বিচারক, আইনজীবী এবং নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা চালাব।” তিনি আরো বলেন, “দেশজুড়ে নিরাপত্তা বাহিনী ও সরকার সংশ্লিষ্টদের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানো হবে।” বিন লাদেনের ৩ স্ত্রীকে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ এবং বসবাসের দায়ে অভিযুক্ত করেছে দেশটির সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বৃহস্পতিবার জানান, বিন লাদেনের দুই সৌদি ও এক ইয়েমেনি বিধবা স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তবে কোন আদালতে এ মামলাটি চলছে তা জানানি তিনি। ওই তিন নারীকে বিচারের কাঠগায় দাঁড়াতে হচ্ছে, কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তাদের কী শাস্তি হতে পারে তা স্পষ্ট নয়। তবে পাকিস্তানের আইন বিশেষজ্ঞ হাসমত হাবিব জানিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে বিন লাদেনের স্ত্রীদের ৫ বছরের কারাদণ্ড হতে পারে। গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে বিন লাদেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হত্যা করে। এরপর থেকে তার স্ত্রী ও সন্তানরা পাকিস্তান কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। তবে লাদেনের সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি এবং মায়েরা সম্মতি দিলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে বলেও জানিয়েছেন মালিক। সামরিক বাহিনীর নজর এড়িয়ে বিন লাদেন কিভাবে অ্যাবোটাবাদের বাড়িতে লুকিয়ে ছিলেন এ বিষয়টি খতিয়ে দেখতে গত জুনে একটি তদন্ত কমিশন গঠন করে পাকিস্তান। এ ব্যাপারে তথ্য পেতে হেফাজতে থাকা লাদেনের পরিবারকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ওই কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.