পাকিস্তান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ৩ স্ত্রীকে অভিযুক্ত করেছে পাকিস্তান।
তাদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ এবং বসবাসের অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বৃহস্পতিবার জানান, বিন লাদেনের দুই সৌদি ও এক ইয়েমেনি বিধবা স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।
তবে অভিযোগের শুনানি কবে হবে তা বলেননি তিনি।
আর লাদেনের স্ত্রী এই তিনজনই কিনা তাও পরিস্কার জানা যায়নি। তার ৬ স্ত্রী রয়েছে বলে শোনা গেছে।
বিন লাদেনের সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি এবং মায়েরা সম্মতি দিলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে বলেও জানিয়েছেন মালিক।
গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে বিন লাদেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হত্যা করার পর তার স্ত্রী ও সন্তানদের কাস্টডিতে রাখা হয়।
অভিযোগে দোষী সাব্যস্ত হলে বিন লাদেনের স্ত্রীদের ৫ বছরের দণ্ড হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের আইন বিশেষজ্ঞ হাসামত হাবিব।
সামরিক বাহিনীর নজর এড়িয়ে বিন লাদেন কিভাবে অ্যাবোটাবাদের বাড়িতে লুকিয়ে ছিলেন এ বিষয়টি খতিয়ে দেখতে গত জুনে নিয়োগ করা হয় তদন্ত কমিশন।
এরপর লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত তাদেরকে পাকিস্তান ত্যাগ করতে না দেওয়ার সুপারিশ করে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪০ঘ.
bdnews24