ক্যানবেরা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পালাচ্ছে মানুষ। বাড়িঘর ছেড়ে পালিয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ। গত সপ্তাহে বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে।
ভয়াবহ বন্যা কবলিত নিউ সাউথ ওয়েলস রাজ্যে কর্তৃপক্ষ ৮ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ওয়াগা ওয়াগা এলাকায় হাজার হাজার মানুষ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে। অন্যদিকে, ৬০ হাজার মানুষ অধুষ্যিত শহরের কেন্দ্রস্থল মঙ্গলবারই খালি হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গত সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির কারণে উত্তর কুইসল্যান্ড রাজ্যেও বন্যা পরিস্থিতি অবনতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ওদিকে, বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে ভিক্টোরিয়া রাজ্যের বেশ কয়েকটি ছোট শহরের বাসিন্দাদের সরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
‘স্টেট এমার্জেন্সি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট কমিশনার’ মার্ক মারডক সাংবাদিকদের বলেন, “নদীতীরের বাঁধ ভেঙে গেলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তা খুব শিগগিরই হবে বলে আমরা আশঙ্কা করছি।”
প্রবল বৃষ্টিপাতে সিডনির ওয়ারাগাম্বা বাঁধের অবস্থাও গত ১৩ বছরের মধ্যে নাজুক হয়ে পড়েছে। এছাড়া, ক্যানবেরার কোটার বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় নতুন একটি বাঁধ নির্মাণ কাজ চলছে।
তবে বন্যার কারণে অর্থনীতিতে কি প্রভাব ফেলছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তা তাৎক্ষণিক নির্ণয় সম্ভব নয় বলে অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, “বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নির্ণয় সম্ভব নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৩ঘ.
bdnews24