২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তালেবানের উপপ্রধান অপসারিত

ক্ষমতা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ তার পরবর্তী শীর্ষ নেতা মৌলভি ফকির মোহাম্মদকে দলের উপপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ তার পরবর্তী শীর্ষ নেতা মৌলভি ফকির মোহাম্মদকে দলের উপপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন। রোববার পাকিস্তান তালেবান নেতাদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ফকির মোহাম্মদকে তার পদ থেকে অপসারণের কোনো কারণ জানানো হয় নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনা পাকিস্তান তালেবানের মধ্যে বিদ্যমান মতবিরোধের ফলশ্র“তি। তবে ফকির মোহাম্মদের স্থলে অন্য কোনো জঙ্গি কমান্ডারকে এখনও নিয়োগ দেওয়া হয় নি। তেহরিক ই তালেবান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তান তালেবানের এক মুখপাত্র জানান, তাৎক্ষণিক ঘটনার পরিপ্রেক্ষিতে সরানো হলেও তাকে দলের অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছেন তালেবান নেতারা। বিসিসির ইসলামাবাদ প্রতিনিধি এম ইলিয়াস খাঁন জানান, ফকির মোহাম্মদের অপসারণ পাকিস্তান তালেবানের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধেরই বহিঃপ্রকাশ যা ২০০৯ সালে দলটির সাবেক নেতা বায়েতুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর থেকে শুরু হয়। বায়েতুল্লাহ নিহত হওয়ার পর দলের প্রধান হতে যারা প্রতিযোগিতা করেছিলেন তাদের মধ্যে ফকির মোহাম্মদ অন্যতম। পরে তাকে উপপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৯ ঘ.