মস্কো, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভাদিমির পুতিনের জয়ের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ থেকে ৫শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিও রয়েছেন।
সোমবার সন্ধ্যায় মস্কোর পুশকিন স্কয়ারে পুতিনবিরোধী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশটিতে রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজের ফিরে আসাকে ক্ষমতা দখলের চক্রান্তকারীদের বিরুদ্ধে বিজয় হিসেবে চিহ্নিত করেছেন পুতিন।
যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ছকটি পুতিনের পক্ষেই ছিল।
বিরোধীদলের নেতারা জানিয়েছেন, তারা পুতিনের ১২ বছরের শাসনে অবরুদ্ধ রাশিয়ার রাজনৈতিক পরিবেশকে মুক্ত করতে ও নতুন নির্বাচনের দাবিতে সোভিয়েত আমলের মতো ক্ষুব্ধ ২০ হাজার মানুষকে পুশকিন স্কয়ারে জড়ো করেছেন।
পুলিশের হাতে আটক হওয়ার আগে ৩৫ বছর বয়সী দুর্নীতিবিরোধী ব্লগার নাভালনি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, “তারা ডাকাতি করেছে, কিন্তু জনতাই শক্তি।” এরপর তিনি “পুতিনবিহীন রাশিয়া চাই” ও “পুতিন চোর” বলে স্লোগান দেন। এর পরপরই তাকে আটক করা হয়।
শুরুতে সমাবেশে উৎফুল্ল আমেজ থাকলেও দাঙ্গা পুলিশ আসার সঙ্গে সঙ্গেই উত্তেজনার সৃষ্টি হয়। স্কয়ারে উপস্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ঝাঁপিয়ে পড়ে। নাভালনিসহ আটক অন্যান্যদের ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
বিরোধীদলীয় নেতারা দাবি করেছেন, পুলিশ ৫শ’ থেকে এক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে। তবে আটককৃতদের সংখ্যা ২৫০ জন উল্লেখ করে সমাবেশে ১৪ হাজার মানুষ জমায়েত হয়েছিলো বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
এছাড়া সেন্ট পিটার্সবার্গ শহরেও ৩ হাজার মানুষ পুতিনবিরোধী বিক্ষোভ করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এখান থেকে ৩শ’ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, কয়েকহাজার পুতিন সমর্থক ক্রেমলিনের লাল দেওয়ালের কাছে সমবেত হয়ে গান গেয়ে, রাশিয়ার পতাকা নেড়ে, পুতিনের পক্ষে স্লোগান দিয়ে আনন্দ-উল্লাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৩৫ ঘ.
bdnews24