২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় অস্ত্রগুদামে বিস্ফোরণে নিহত প্রায় ২শ’

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের একটি অস্ত্র গুদামে রোববার বড় ধরনের কয়েক দফা বিস্ফোরণে প্রায় ২শ’ জন নিহত এবং আরো কয়েকশ’ মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ব্রাজাভিল/কিনসাশা মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের একটি অস্ত্র গুদামে রোববার বড় ধরনের কয়েক দফা বিস্ফোরণে প্রায় ২শ’ জন নিহত এবং আরো কয়েকশ’ মানুষ আহত হয়েছে। কঙ্গোর প্রেসিডেন্টের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা বেটু বাঙ্গানা হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্সকে ফোনে একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় হাসপাতালের কয়েকটি সূত্র প্রায় ২শ জন নিহত এবং আরো অনেক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে। কঙ্গো নদীতীরবর্তী এমপিলায় রেজিমেন্ট ব্লিন্ডে ঘাঁটির অস্ত্রগুদামে আগুন থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রতিরক্ষামন্ত্রী চার্লস জাকারি বোয়াও এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কঙ্গোর রাষ্ট্রীয় বেতার। শক্তিশালী এ বিস্ফোরণে কেঁপে ওঠে কিনসাশা শহরসহ কঙ্গোর সীমান্ত জুড়ে বিস্তীর্ণ এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। বিস্ফোরণ ঘটা মাত্র পালাতে শুরু করে ব্রাজাভিলের লোকজন। ধ্বংস হয় অনেক বাড়িঘর। গোটা এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ধ্বংস্তপের মধ্যে আরো অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঙ্গানা এর আগে প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ৪ এবং আহতের সংখ্যা প্রায় ৬০ জন বলে জানিয়েছিলেন। কিন্তু স্থানীয় হাসপাতাল পরিদর্শন করে ফরাসি দূতাবাসের এক ডাক্তার জানান, বিস্ফোরণে ৫ শ মানুষ আহত হয়েছে। ওদিকে, বিবিসি জানায়, ব্রাজাভিলের এক ইউরোপীয় কূটনীতিক এএফপি কে বলেছেন, তিনি সামরিক হাসপাতালে অন্তত ১৫০ টি লাশ গুনেছেন। আহতের সংখ্যা প্রায় ১৫০০। এদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর। বিস্ফোরণে তিন চীনা কর্মী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চীনের সিনহুয়া বার্তা সংস্থা। প্রতিরক্ষামন্ত্রী বোয়াও জাতীয় টিভিতে আতঙ্কিত লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এ বিস্ফোরণ কোনো যুদ্ধ, অভ্যুত্থান প্রচেষ্টা বা সেনা বিদ্রোহ নয় বলে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন। গোলাবারুদের গুদামে আগুনের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে জানান বোয়াও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৫ঘ.