সিজেচোচিনি (পোল্যান্ড), মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাজেচোচিনি এলাকায় শনিবার সন্ধ্যায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত এবং কমপক্ষে ৫৬ জন আহত হয়েছে।
উদ্ধারকর্মীরা বলেছে, তারা ধ্বংসাবশেষ থেকে ১৪ টি লাশ টেনে বের করেছে। চাপা পড়া আরো লাশ উদ্ধার করা হচ্ছে একের পর এক। আরো লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সাংবাদিকদের বলেন, এটি পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।
ওয়ারশ থেকে ক্রাকোকগামী এবং রাজধানী থেকে জেমেচি শহরগামী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি ট্রেন লাইনের দুই পাশে ছিটকে পড়ে।
অগ্নিনির্বাপণ বাহিনীর কয়েকশ’ কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুই ট্রেনের ভেতরে আটকা পড়াদের বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। এর মধ্যে ইউক্রেইন, স্পেন ও ফরাসি নাগরিকও রয়েছেন।
অগ্নি নির্বাপণ বাহিনীর কর্মী জারোস ওজটাসিক সাংবাদিকদের বলেন, “উদ্ধারকাজ চালানো খুব কঠিন ও জটিল হয়ে পড়েছে। ট্রেন দুটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হযেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছি আমরা। খুব সতর্কতার সঙ্গে কাজ করছি আমরা।”
দুর্ঘটনায় বেঁচে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “আমি হঠাৎ একটি ধাক্কা অনুভব করলাম। এরপর আমার সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা দেই আমি। লাইটগুলো নিভে গেল।
“সবকিছু উড়তে শুরু করল। আমরা কম্পার্টমেন্টের ওপর দিয়ে ব্যাগের মতো উড়ে যাচ্ছিলাম। এরপর চিৎকার শুনতে পেয়ে প্রার্থনা করা শুরু করেছিলাম।”
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী টাস্ক বলেন, সম্ভবত চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/০৯৪০ ঘ.
bdnews24