ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন ম্যাচ গড়পেটায় দোষী সাব্যস্ত হয়ে জেলখাটা পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির।
আর তার হবু স্ত্রী যুক্তরাজ্যের এক পাকিস্তানি নাগরিক, যিনি আমিরের হয়ে মামলা লড়েছিলেন বলে পাকিস্তানের দৈনিক ‘জং’ জানিয়েছে।
পত্রিকাটির খবর, আমিরের হবু স্ত্রী সাজিদা মালিক কিছু দিন আগে লাহোর ঘুরে গেছেন। দেখা করে গেছেন আমিরের মা-বাবার সঙ্গে।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আমিরের ক্রিকেট জীবন প্রায় শেষ। এই গতিতারকাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।
এ নিয়ে যুক্তরাজ্যে মামলায় পড়তে হয়েছে ১৯ বছরের আমিরকে, যাতে তিন মাসের জেল খাটতে হয়েছে তাকে।
জং-এর খবর, মামলায় আমিরের আইনজীবী ছিলেন সাজিদা। মামলা সূত্রে ঘনিষ্ঠতা, তারপর বন্ধুত্ব, এরপর প্রেম এবং সব শেষে সম্পর্কটি পরিণয়ের দিকে গড়াচ্ছে।
অমিরের থেকে বেশ কয়েক বছর বড় সাজিদার জন্ম যুক্তরাজ্যে হলেও তিনি পাঞ্জাবি ভাষাতে পারদর্শী বলেও পত্রিকাটি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএন/এমআই/২১৫৫ ঘ.
bdnews24