২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যু নিয়ে আলোচনায় বসছেন ওবামা-নেতানিয়াহু

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কি করণীয় সে ব্যাপারে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে সোমবার হোয়াইট হাউজে মুখোমুখি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ওয়াশিংটন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কি করণীয় সে ব্যাপারে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে সোমবার হোয়াইট হাউজে মুখোমুখি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ইরানে হামলা চালানোয় দেরী করতে নারাজ। অন্যদিকে, ওবামা আগেই সামরিক পদক্ষেপে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এখনই সামরিক হামলা সমর্থন না করলে ইরানের পরমাণু কর্মসূচি সীমার মধ্যে রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি চায় ইসরায়েল। আর তাই ইরান তাদের পরমাণু কর্মসূচি পরিচালনায় সীমা অতিক্রম করবে না- এ নিশ্চয়তা পাওয়ার জন্য ওয়াশিংটন সফরকালে ওবামাকে চাপ দেবেন নেতানিয়াহু। গত মাসে ওবামার একজন উপদেষ্টা জেরুজালেম সফরকালে ইসরায়েলের একজন কর্মকর্তা তাকে নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে বলেন, “আপনি যদি চান আমি এখন ইরানে হামলা না চালাই, তবে আমি নিশ্চয়তা চাই। আপনি যদি বলেন, আমরা আপনার দেখভাল করব, সেকথা আপনি যথেষ্ট জোর দিয়ে বলছেন না।” ওদিকে হোয়াইট হাউজ সূত্র আভাস দিয়েছে, ইরান যেনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এ ব্যাপারে ইসরায়েলকে প্রতিশ্র“তি দিয়েছেন ওবামা। কিন্তু এ ব্যাপারে তিনি কত দূর অগ্রসর হতে প্রস্তুত তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধের ফলে দেশটির ওপর চাপ সৃষ্টি হওয়ায় ওবামা আলোচনার সময় নেতানিয়হুকে সামরিক হামলার বদলে কূটনৈতিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবেন। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলছে, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে দেশটির ওপর কার্যকর হামলা চালানোর সময় পেরিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে কয়েক মাসের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। ওদিকে, যুক্তাষ্ট্রের রিপাবলিকনরাও ওবামাকে ইরানের ওপর আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৬ঘ.