ওয়াশিংটন, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উন্নয়নশীল দেশগুলো বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোতে চরম দারিদ্র ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার জাতিসংঘ লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই পূরণ করেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
এ অর্জনের জন্য বিশ্ব ব্যাংক চীনের উদীয়মান অর্থনীতিকে ধন্যবাদও জানিয়েছে।
বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোর একটি গোষ্ঠি জাতিসংঘের অষ্টম সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথমটি পূরণ করেছে।
বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র ও রোগব্যাধি দূর করতে ২০০০ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতিসংঘ।
বিশ্ব ব্যাংক জানায়, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের ফলে দারিদ্র মুক্তির ক্ষেত্রেও উন্নতি হয়েছে।
চীনের অর্থনৈতিক উন্নতির ফলে চীন ছাড়া আরো অনেক জায়গার মানুষ দারিদ্র মুক্ত হয়েছে। তবে ২০০৮ সালেও বিশ্বে দরিদ্রের সংখ্যা ছিল ১শ’১০ কোটি। ১৯৮১ সালেও এই একই সংখ্যক লোক দারিদ্রের মধ্যে বাস করতো।
বিশ্ব ব্যাংকের গবেষণা দলের পরিচালক মার্টি র্যাভেলন বলেন, “অর্থনৈতিক সংকট থাকার পরও ২০১০ সালে উন্নয়নশীল দেশগুলো প্রথম সহস্রাব্দের লক্ষ্যমাত্রা পূরণ করায় আমরা আশাবাদী।”
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এ লক্ষ্যপূরণ করতে পেরেছে। তবে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো এখনও তা পারেনি।
এতে আরো বলা হয়, ১৯৮১ সালে উন্নয়নশীল বিশ্বের প্রায় ১শ’৯৪ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতো। ২০১০ সালে এ সংখ্যা কমে ১শ’ ২৯ কোটিতে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24