আম্মান, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামায় বিরোধী অবস্থানগুলোতে মঙ্গলবার সরকারি বাহিনীর গোলা হামলায় মঙ্গলবার ২০ জন নিহত হয়েছে।
হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হেলফায়া শহরে বোমা হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আন্দোলনকর্মীরা এ হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। গত দু’সপ্তাহে প্রদেশটিতে এ নিয়ে অন্তত ১শ জন নিহত হল। তবে নিহতের সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
হামার পাশাপাশি হোমসেও চলছে বোমা হামলা। সেখানে আটকে পড়া আহত দুই বিদেশি সাংবাদিক নিরাপদে লেবানন পৌঁছছেন বলে বিরোধী পক্ষের কর্মীরা জানিয়েছে।
ফরাসি সাংবাদিক এদিথ বোভিয়ের ও ব্রিটিশ চিত্রগ্রাহক পল কনরয় নিরাপদে লেবানন পৌঁছছেন বলে কূটনীতিকরা নিশ্চিত করেছেন। গত সপ্তাহে বাবা আমরোতে আহত হন এ দুই সাংবাদিক।
তবে এ দুই সাংবাদিক কিভাবে বের হয়েছেন তা পরিস্কার জানা যায়নি।
বিরোধী শিবির জানায়, হোমসে সোমবার রাতে ভাই মেহেরের নেতৃত্বে উন্নত অস্ত্রসজ্জিত একটি সেনা ইউনিট পাঠিয়েছেন আসাদ। বাবা আমরো জেলার কাছ দিয়ে যাওয়া ট্যাংকগুলোর গায়ে ‘ফোর্থ ডিভিশন মনস্টারস’ লেখা ছিল।
হোমসের বাবা আমরো ও অন্যান্য শহরে সরকারি বাহিনীর অভিযানে শ শ মানুষ হতাহত হচ্ছে। প্রয়োজনীয় খাবার, পানি ও ওষুধের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার আতঙ্কিত অধিবাসীরা।
আসাদ বাহিনীর এ তাণ্ডবের তীব্র সমালোচনা করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে। তিনি বলেন, “আসাদ সরকার বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৮ঘ.
bdnews24