ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাক যুগের নির্বাক চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে অস্কারের ৮৪তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জিতে নিয়েছেন ফরাসি অভিনেতা জ্যঁ দুজারদাঁ।
একই আসরে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন হলিউড তারকা মেরিল স্ট্রিপ। এর আগেও ১৬ বার এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। এর মধ্যে সেরা অভিত্রেী হয়েছেন একবার, পার্শ্বচরিত্রে সেরার পুরস্কার পেয়েছেন একবার।
রোববার রাতে লস এঞ্জেলেসের কোডাত থিয়েটারে বসে অস্কারের পুরস্কার ঘোষণার আসর। জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন চলচ্চিত্র অঙ্গনের নামি সব তারকা।
এবারের আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হওয়া ‘দি আর্টিস্ট’ চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র জর্জ ভ্যালেনটাইনের রূপ দেন ৩৯ বছর বয়সী দুজারদাঁ। এ চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, কান উৎসবসহ বিভিন্ন আসরে আরো কিছু পুরস্কার জিতেছেন তিনি।
ফরাসি এ অভিনেতার অভিনয় জীবন শুরু হয় প্যারিসের বিভিন্ন রেস্তোরাঁ ও বারে ছোট্ট মঞ্চে একক অভিনয় দিয়ে। ১৯৯৬ সালে ফ্রান্সের একটি টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্যে প্রথমবারের মতো আলোচনায় আসেন তিনি।
‘লৌহমানবী’ খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় করে পুরস্কারটি নিজের করে নিলেন মেরিল স্ট্রিপ। থ্যাচারের জীবনীভিত্তিক ‘দি আয়রন লেডি’ চলচ্চিত্রটিতে থ্যাচারের রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে মানসিক অসুস্থতা ও একাকী জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেওয়া স্ট্রিপ তার অভিনয় জীবন শুরু করেন ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে একটি মঞ্চনাটকে অভিনয়ের মধ্যে দিয়ে। এরপরে তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রেও অভিনয় করেন।
নিজের অভিনয় জীবনে মেরিল স্ট্রিপ ১৭ বার অস্কারের জন্য, ২৬ বার গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হন।
১৯৭৯ সালে ‘ক্র্যামার ভার্সেস ক্র্যামার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাওয়ার মাধ্যমে নিজের অভিনয় জীবনের প্রথম অস্কার জিতে নেন মেরিল স্ট্রিপ। পরে ১৯৮২ সালে ‘সোফি’স চয়েস’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন।
এছাড়া আট বার গোল্ডেন গ্লোব, দুবার এ্যমি, দুবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, দুবার বাফটা, একবার কান ফিল্ম ফেসটিভ্যালসহ আরো প্রচুর পুরস্কার জিতেছেন।
গায়িকা হিসেবেও কম যান না স্ট্রিপ। সঙ্গীতের জন্য বিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন পাঁচবার। এছাড়া থিয়েটারে কৃতিত্ত্বের জন্য একবার টনি অ্যাওয়ার্ডসের মনোনয়নও পান তিনি।
২০০৪ সালে অ্যামেরিকান ফিল্ম ইনিস্টিটিউটের আজীবন সম্মাননা পুরস্কার পান মেরিল স্ট্রিপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24