২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি নজরদারিতে ক্ষোভ যুক্তরাষ্ট্রের মুসলিমদের

শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় পুলিশের গোপন নজরদারিতে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মুসলিমরা। এতে সংহতি প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় পুলিশের গোপন নজরদারিতে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মুসলিমরা। এতে সংহতি প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। শুক্রবার নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে পুলিশের ভূমিকার সমালোচনা করে ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার)’ । স্বেচ্ছাসেবী এই সংগঠনের নির্বাহী পরিচালিক নাদিয়া কাইফ পুলিশের বিরুদ্ধে মামলার হুমকিও দেন। তিনি বলেন, মুসলিম আমেরিকানদের মৌলিক অধিকার হরণ করতে নিউ ইয়র্ক পুলিশ তার ভৌগলিক সীমানাও অতিক্রম করেছে। তারা নিউ জার্সিতেও নজরদারি করেছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি। গত সপ্তাহে ফাঁস হয় যে নিউ ইয়র্ক সিটির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির অন্তত দুটি ক্যাম্পাসে গোপন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। এর পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদ, মুসলিম মালিকানাধীন বিভিন্ন রেস্তোরাঁয়ও পুলিশি নজরদারি চলছে। তবে নিউ ইয়র্কের সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ ও পুলিশ কমিশনার রেমন্ড কেলি বলেছেন, তারা যা করছেন তা যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তার স্বার্থে। বিশেষ কোনো ধর্মীয় কিংবা জাতিগোষ্ঠীকে হেয় করা হচ্ছে না। “সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়, তাদের কোনো জাতি-ধর্ম থাকে না। কারণ, ওই হামলায় সব ধর্ম-বর্ণের মানুষই হতাহত হচ্ছে,” বলেন ব্লুমবার্গ। মুসলিমদের অভিযোগ, এই ধরনের নজরদারিতে তারা সন্তস্ত বোধ করছেন। নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালনাধীন ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র সভাপতি আবুল হাশেম বলেন, “নাইন-ইলেভেনের পর আমরা সব সময় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছি। সন্ত্রাসকে আমরা সমর্থনও করি না।” তারপরও সন্ত্রাসী হিসেবে মুসলিমদের চিহ্নিত করে পুলিশের এই ধরনের তৎপরতার নিন্দা জানান তিনি। মুসলিম-আমেরিকানদের অধিকার নিয়ে কর্মরত সংগঠন ‘দেশীজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’র প্রধান নির্বাহী মনামি মলিক বলেন, মুসলিম বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে একটি মোর্চা গঠন হয়েছে। মোর্চার ব্যানারে তারাএর প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৬ ঘ.