বৈরুত, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পশ্চিমা বিশ্ব সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে চীনের প্রধান সংবাদপত্র। ওদিকে, সিরিয়ার একটি নৌঘাঁটিতে দুটি ইরানি যুদ্ধজাহাজ নোঙর করায় আন্তর্জাতিক উদ্বেগ আরো বেড়ে গেছে।
শনিবার সিরিয়ার টার্টাস বন্দরে ভিড়েছে ইরানি নৌ জাহাজ দুটি। এক বছর আগে করা চুক্তি অনুসারে সিরিয়ার নৌবাহিনীকে প্রশিক্ষণ দিতেই জাহাজ দুটি সিরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আহমদ ভাহিদির উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা বলেছে, জাহাজ দুটি সুয়েজ খাল পাড়ি দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় উপস্থিতি বজায় রাখার অধিকার ইরানের আছে।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরায়েলের সঙ্গে অস্বস্তিকর সম্পর্কে জড়িয়ে পড়া ইরানের যুদ্ধজাহাজ সিরিয়ায় অবস্থান নেওয়ায় তা পশ্চিমাদের জন্য বাড়তি উদ্বেগ্ন সৃষ্টি করেছে। সিরিয়া সঙ্কটের আশু সমাধান করা না গেলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে তারা উদ্বিগ্ন।
এ আশঙ্কার মধ্যেই চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘পিপলস ডেইলি’ সোমবার প্রথম পাতায় এক মন্তব্যে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, “পশ্চিমা বিশ্ব সিরিয়ার বিরোধীপক্ষকে পূর্ণ সমর্থন দিতে থাকলে শেষমেষ পুরোদস্তুর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে। আর এমনটি হলে বিদেশি সশস্ত্র হস্তক্ষেপ এড়ানোর কোনো অবকাশ থাকবে না।”
সিরিয়া জুড়ে আন্দোলনকারীদের ওপর সরকারি বাহিনীর দমন পীড়ন চলতে থাকার মধ্যেই এ সপ্তাহে গণভোটের পরিকল্পনা করেছেনে প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
আগামী রোববার গণভোট এবং এর ৯০ দিনের মধ্যে বহুদলীয় নির্বাচনের পরিকল্পনা ঘোষণা দিয়েছেন তিনি।
কিন্তু বিক্ষুব্ধ শহর হোমসের নিয়ন্ত্রণ নিতে সিরীয় বাহিনী হামলা চালিয়েই যাচ্ছে। এছাড়া বাবা আমরো এলাকায়ও গোলাবর্ষণ চলছে বলে বিরোধী পক্ষের কর্মীরা জানিয়েছে।
এরই মধ্যে শনিবার আসাদের সঙ্গে সাক্ষাৎ করে গণভোট পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন চীনের এক প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২২ঘ.
bdnews24