বার্লিন, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক পূর্ব জার্মানির অধিকার আন্দোলনকর্মী ইওয়াখিম গাউকের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
গত শুক্রবার ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে তদন্তের মুখে পদত্যাগ করেন প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ। এর দু’দিন পর সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে ৭২ বছর বয়সী গাউকের প্রতি সমর্থনের কথা নিশ্চিত করেন মের্কেল।
২০১০ সালে বিরোধীদের বিরোধিতার মুখেও ক্রিস্টিয়ান ভুল্ফকে প্রেসিডেন্ট পদে নিয়োগে মনোনয়ন দেন মের্কেল। বিরোধীরা গাউকেই তখন প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলো।
জার্মানির চ্যান্সেলরিতে এক সংবাদ সম্মেলনে গাউকের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে মের্কেল বলেন, “জোয়াচিম গাউকের মতো গির্জার মানুষরাই পূর্ব জার্মানির শান্তিপূর্ণ বিপ্ল¬ব সংগঠিত হতে সহায়তা করেছিলেন, এ কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয়।”
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জার্মানির প্রেসিডেন্ট হচ্ছেন গাউক এটি একরকম নিশ্চিত। এই সময়ের মধ্যেই জার্মানির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে গাউকের মনোনয়নে সমর্থন জানাবে দেশটির ফেডারেল অ্যাসেম্বলি।
ইওয়াখিম গাউক একজন প্রোটেস্ট্যান্ট যাজক। তিনি বার্লিন দেয়াল পতনে শান্তিপূর্ণ আন্দোলনের একজন শীর্ষ নেতা ছিলেন। বার্লিন দেয়াল পতনের মাধ্যমে ১৯৯০ সালে পূর্ব-পশ্চিমে বিভক্ত দুই জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও একজন পূর্ব জার্মান। তার বাবাও একজন প্রোটেস্ট্যান্ট যাজক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.
bdnews24