২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কিশোর ভিক্ষুর আত্মহত্যা

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে কিশোর বয়সী এক বৌদ্ধ ভিক্ষু রোববার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

বেইজিং, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে কিশোর বয়সী এক বৌদ্ধ ভিক্ষু রোববার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত (আইসিটি) একথা জানিয়েছে। এক ইমেইলে তারা জানায়, সিচুয়ান প্রদেশের তিব্বতি জনবহুল গাবা এলাকায় নাঙ্গড্রোল (১৮) নামে এক ভিক্ষু এ ঘটনা ঘটায়। এ ঘটনা ছাড়াও গত বছর শরীরে আগুন লাগানোর প্রায় ২৩টি ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংস্থাটি দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাসিত তিব্বতিদের উদ্ধৃতি দিয়ে আইসিটি জানায়, নির্দেশ অমান্য করে ভিক্ষুরা নাঙ্গড্রোলের লাশ পুলিশের কাছে হস্তান্তর না করে নিজেরাই শেষকৃত্য করে। তিব্বতে চীনা নীতির সমালোচনা ও দালাইলামাকে ফেরত আনার দাবিতে এটা হলো আত্মহত্যার সবচেয়ে সাম্প্রতিক ঘটনা। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গত সপ্তাহে জানান, এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে আত্মহনন হলো চূড়ান্ত কাজ এবং এটি তেমন সমর্থনযোগ্য নয়। চীনে আত্মহত্যার ঘটনা খুব কম ঘটলেও তা সংল্যালঘু সম্প্রদায় ও এ অঞ্চলের নীতির প্রতি সম্ভাব্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। সরকার আত্মহত্যাকারীকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করছে। চীনের বিরুদ্ধে তিব্বতিদের বিক্ষোভে মদদ দেওয়ার জন্য আধ্যাত্মিক নেতা দালাইলামাসহ নির্বাসিত তিব্বতিদের দায়ী করে আসছে সরকার। বিদেশি অ্যাডভোকেসি গোষ্ঠীগুলো জানায়, পশ্চিম চীনের মূলত পাহাড়ি এলাকায় অবস্থানরত তিব্বতে ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতিতে বাধা দিচ্ছে সরকার। আগামী ২২ ফেব্র“য়ারি তিব্বতে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী নববর্ষের আগে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনা অব্যাহত থাকতে পারে বা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৯ ঘ.