২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণে ব্যর্থ কমিশন

হোসনি মুবারকের পতনের পর মিশরের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 06:06 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোসনি মুবারকের পতনের পর মিশরের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তারা। তবে মে মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে বলে এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেছে কমিশন। এদিকে নিল নিউজ চ্যানেলকে নির্বাচন কমিশন চেয়ারম্যান ফারুক সুলতান জানান, বিদেশে থাকা মিশরের নাগরিকদের জন্য নির্বাচনের আয়োজন করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অধিক সময় চাওয়াতেই এই সমস্যার উদ্ভব হয়েছে। তিনি বলেন, “আগামী ১০ মে’র মধ্যে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেওয়া হবে এবং এর আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।” এর আগে নির্বাচন কমিশনের সদস্য আহমদ শামস এল-দিন মিশরের গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম দিকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে এবং একই মাসের শেষ সপ্তাহ নাগাদ তা চলবে। গত বছর অনুষ্ঠিত গণভোট অনুযায়ী, প্রেসিডেন্ট চার বছর করে দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন। ইতোমধ্যেই অবশ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইসলামিক দলগুলোর নেতৃত্বাধীন নতুন সংসদ তাদের প্রথম অধিবেশন সম্পন্ন করেছে বলে বিবিসি জানায়। ১৮ দিনের গণবিক্ষোভের মুখে গত বছরের ১১ ফেব্র“য়ারি ক্ষমতা হস্তান্তর করেন মুবারক। এরপর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলেও বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে অব্যাহত অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। এছাড়া মে মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য চাপের মুখেও রয়েছে ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল। নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করলেও আন্দোলনকারীরা তাতে সন্দেহ পোষণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৬ ঘ.