আমস্টারডাম, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রিয়ায় তুষারধসের চাপা পড়ে গুরুতর আহত ডাচ প্রিন্স জোহান ফ্রিসোকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, অস্ট্রিয়ার লেচ শহরে তুষারধসের নিচে প্রায় ১৫ মিনিট চাপা পড়ে ছিলেন জোহান (৪৩)।
পরে জরুরি উদ্ধারকর্মী দল এসে তাকে উদ্ধার করে ইনব্রাস্কের হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছে অস্ট্রিয়ার গণমাধ্যম।
হাসপাতালে প্রিন্সকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ডাচ কর্মকর্তারা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
প্রিন্স জোহান নেদারল্যান্ডসের রানি বিয়াট্রিক্স এর দ্বিতীয় ছেলে। তিনিসহ রাজপরিবারের কয়েকজন সদস্য অস্ট্রিয়ার লেচ শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন।
অস্ট্রিয়ার প্রেস এজেন্সি জানায়, প্রিন্স ছোট্ট একটি দলের সঙ্গে স্কি করার সময় তুষারধসে চাপা পড়েন। তবে অন্যদের কারো কিছু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৩ঘ.
bdnews24